আফগান তরুণীকে পাথর ছুড়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ব্যভিচারের অভিযোগে এক তরুণীকে পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। সরকারি কর্মকর্তারা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওই হত্যাদৃশ্যের একটি ভিডিও অনলাইনে প্রকাশ করা হয়েছে। খবর বিবিসির।
৩০ সেকেন্ডের ওই ভিডিওচিত্রে দেখা যায়, মাটিতে গর্ত করে ওই তরুণীকে আটকে রাখা হয়েছে। চারদিক থেকে তাঁর দিকে পাথর ছুড়ে মারছে একদল পুরুষ।
ওই তরুণীর নাম রোকসানা। বয়স আনুমানিক ১৯ থেকে ২১ বছর। তাঁর প্রেমিককে চাবুক মেরে ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানায়, গহ্র প্রদেশের রাজধানী ফিরোজকোহ্ শহরের কাছাকাছি এলাকায় সপ্তাহ খানেক আগে ওই তরুণীকে হত্যা করা হয়। এলাকাটি তালেবান জঙ্গিদের নিয়ন্ত্রণাধীন। ওই তরুণী ও তাঁর ২৩ বছর বয়সী প্রেমিক বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। তালেবান ও ধর্মীয় কয়েকজন নেতা এবং সশস্ত্র যোদ্ধাদের উপস্থিতিতেই ওই হত্যাকাণ্ড ঘটেছে।
গহ্র প্রদেশের গভর্নর সিমা জয়েন্দা বলেন, রোকসানার পরিবার তাঁকে ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিতে চেয়েছিল।