এক দশকের বেশি সময় পর আফগান সংঘাতের বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপের সম্ভাবনা উঁকি দিচ্ছে। কিছু খবরে এমনই ইঙ্গিত মিলেছে। এমন প্রেক্ষাপটে তালেবান জঙ্গিরা আসলেই সরকারের সঙ্গে সংলাপের জন্য প্রস্তুত কি না, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
অতীতে আফগান সরকারের সঙ্গে সংলাপে বসার আহ্বান প্রত্যাখ্যান করেছে তালেবান। জঙ্গি সংগঠনটি বলেছে, তারা কেবল মার্কিনদের সঙ্গেই সংলাপে বসতে পারে। কারণ, তারাই ‘আফগানিস্তানকে দখল করে রেখেছে এবং এখানকার আসল শক্তি’। তবে সাম্প্রতিক কিছু ঘটনায় এ আশা জেগেছে যে দীর্ঘ এই সংঘাতের অবসানের পরিকল্পনা হালে পানি পেতে শুরু করেছে।
গত ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, তালেবান বাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে সংলাপে বসার ব্যাপারে তাদের প্রস্তুত থাকার ইঙ্গিত দিয়েছে। এ ছাড়া গত জানুয়ারি মাসে আরেক খবরে দাবি করা হয়, কাতারে তালেবানের রাজনৈতিক কার্যালয়ের দুই সদস্যের একটি প্রতিনিধিদল গত বছরের নভেম্বর মাসে চীনের বেইজিং সফরে গিয়েছিল।
পাকিস্তানের সামরিক বাহিনী দেশটির সঙ্গে আফগান সীমান্তের উভয় পারে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীকে মদদ দিচ্ছে বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। আফগান সরকার ও তালেবানের মধ্যে সংলাপ প্রশ্নে পাকিস্তানি সামরিক বাহিনীকে সব সময়ই খুবই গুরুত্বপূর্ণ পক্ষ হিসেবে দেখা হয়ে থাকে।
গত বছরের জুন মাসে পাকিস্তানি সেনাবাহিনী বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে তার জঙ্গিবিরোধী অবস্থান শক্তভাবে জানান দেয়। এর মধ্যে ছিল জঙ্গিদের আস্তানা প্রত্যন্ত উত্তর ওয়াজিরিস্তানে বড় ধরনের অভিযান পরিচালনা। এ ছাড়া গত ১৬ ডিসেম্বর পেশোয়ারের সেনাবাহিনী পরিচালিত স্কুলে পাকিস্তানি তালেবানের ভয়াবহ হামলার পর সেনাবাহিনী জঙ্গিদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া শুরু করে। পাশাপাশি গত বছরের শেষের দিকে আশরাফ ঘানি আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ইসলামাবাদ-কাবুল সম্পর্কে নাটকীয় মোড় নিয়েছে। এসব ঘটনা পাকিস্তানি সেনাবাহিনী সম্পর্কে কাবুলের দৃষ্টিভঙ্গি বদলানোর পথও সুগম করেছে।
জেনারেল রাহিল শরিফ আফগান প্রেসিডেন্ট ঘানিকে এই বলে আশ্বস্ত করেছেন যে তালেবানকে আলোচনার টেবিলে আনতে পাকিস্তান তার হাতে থাকা সব সুযোগ কাজে লাগাবে। পাকিস্তান এটা করতে পারে বলেই বিশ্বাস বেশির ভাগ বিশ্লেষকের। প্রতিকূল পরিস্থিতির সময় আশ্রয় পাওয়ার জন্য তালেবান পাকিস্তানের ওপর নির্ভরশীল। পাকিস্তানকে ঘনিষ্ঠ মিত্র মনে করা চীনও সম্প্রতি বিভিন্ন পক্ষের মধ্যে সংলাপে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে। এ অঞ্চলে বড় ধরনের কিছু ব্যবসা ও উন্নয়ন প্রকল্পে চীনের সম্পৃক্ততা রয়েছে। দেশটি তার বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিত করতে চায়।
পাকিস্তান তালেবানকে সংলাপে বসার আগে নিজেদের ঘর গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে পারে। তালেবান প্রথমে ফিল্ড কমান্ডার ও নিচের সারির যোদ্ধাদের আস্থায় নিয়ে আসার পরই কেবল সংলাপে যাওয়ার কথা চিন্তা করতে পারে। সব মিলিয়ে সবার কাছে গ্রহণযোগ্য একটি সম্ভাব্য চুক্তি এখনো অনেক দূরবর্তী ব্যাপার।