আফগান নারীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ তুলে ফারখুন্দা নামের এক নারীকে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আফগানিস্তানে আজ বিক্ষোভ হয়। ছবি: এএফপি
পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগ তুলে ফারখুন্দা নামের এক নারীকে গণপিটুনি দিয়ে পুড়িয়ে হত্যার প্রতিবাদে আফগানিস্তানে আজ বিক্ষোভ হয়। ছবি: এএফপি

আফগানিস্তানে ফারখুন্দা নামে এক নারীকে পিটিয়ে হত্যা ও তাঁর লাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে ফুঁসে উঠেছে দেশটির সাধারণ মানুষ। আজ সোমবার শত শত নাগরিক রাস্তায় নেমে বিক্ষোভ করেছে।
এর আগে দাফনের সাধারণ রেওয়াজ ভেঙে ফারখুন্দার লাশের কফিন বহন ও দাফনের কাজ করেন ক্ষুব্ধ নারীরা।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, গত বৃহস্পতিবার ফারখুন্দা নামের ২৭ বছর বয়সী ওই নারীকে পবিত্র কোরআন পোড়ানোর অভিযোগে পিটিয়ে হত্যা করে উন্মত্ত জনতা। এরপর তাঁর মরদেহে আগুন ধরিয়ে দেওয়া হয়। মোবাইল ফোনে ধারণ করা এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। তবে সরকারি এক তদন্তের পর এখন বলা হচ্ছে, ফারখুন্দার বিরুদ্ধে পবিত্র কোরআন পোড়ানোর যে অভিযোগ আনা হয়েছে তা ঠিক নয়। কর্মকর্তারা বলেছেন, ফারখুন্দা সম্পূর্ণ নির্দোষ।
ফারখুন্দা হত্যার প্রতিবাদে শত শত মানুষ আজ রাস্তায় নেমে বিক্ষোভ করে। এই দলে ছিল শিশুরাও। এ সময় বিক্ষোভকারীদের অনেকেই ফারখুন্দার রক্তাক্ত মুখের আদলে বানানো মুখোশ পরে ছিলেন।
মুসলমানদের লাশ দাফনের সাধারণ রেওয়াজ অনুযায়ী লাশের খাটিয়া বা কফিন বহন করেন পুরুষেরা। কবর দেওয়ার কাজও সম্পন্ন করেন পুরুষেরা। তবে প্রথমবারের মতো সেই রীতি ভেঙেছেন কাবুলের কয়েকজন নারী। ফারখুন্দার কবর দেওয়ার পুরো কাজটি করেন ওই নারীরা। এভাবেই তাঁরা তাঁকে সম্মান জানান এবং তাঁকে হত্যা করার ঘটনার প্রতিবাদ জানান।
দাফনের আগে ফারখুন্দার জন্য খোঁড়া কবরে শুয়ে তাঁর মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের শাস্তি দাবি করেন ওই নারীরা।