আফগান পার্লামেন্টে হামলার ঘটনায় সাত জঙ্গি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স
আফগানিস্তানের পার্লামেন্ট ভবনের বাইরে প্রচণ্ড বিস্ফোরণের পর কয়েকটি গাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। ছবি: রয়টার্স

আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত পার্লামেন্ট ভবনে আজ সোমবার তালেবান জঙ্গিরা হামলা চালায়। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে হামলাকারী সাত জঙ্গি নিহত হওয়ার মধ্য দিয়ে এ হামলার ঘটনার অবসান ঘটে। বার্তা সংস্থা এএফপির খবরে এ কথা জানানো হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ বলেন, ‘হামলার সমাপ্তি ঘটেছে। সাত আক্রমণকারী এ হামলায় অংশ নেয়। নিরাপত্তারক্ষীদের গুলিতে পার্লামেন্ট ভবনের কাছের একটি গাড়িতে একজন এবং পাশের একটি ভবনে ছয়জন নিহত হয়।’

এর আগে তালেবান জঙ্গিরা বন্দুক ও বিস্ফোরক নিয়ে আফগান পার্লামেন্টে হামলা চালায়। এতে ওই এলাকায় ধোঁয়ার কুণ্ডলী তৈরি হয়। পার্লামেন্টের অনেক সদস্য এ সময় দৌড়ে সরে যান।

পার্লামেন্ট ভবনের বাইরে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটিয়ে জঙ্গিরা ভবনের মধ্যে হামলা চালানোর চেষ্টা করে। তারা পার্লামেন্টের পাশের আংশিক নির্মিত একটি ভবনে অবস্থান নিয়ে হামলা চালায় বলে কর্তৃপক্ষ জানায়।

ওই হামলার পর পার্লামেন্টের সব সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। আফগানিস্তানের প্রেসিডেন্ট মনোনীত প্রতিরক্ষামন্ত্রীর পরিচিতি জানানোর দিনে এই হামলার ঘটনা ঘটে।

কাবুলের কড়া নিরাপত্তা বেষ্টিত এলাকায় এ হামলার পর ন্যাটোর সহযোগিতা ছাড়া তালেবানের বিরুদ্ধে লড়তে আফগান সেনা সদস্যদের সামর্থ্য নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। আসছে ডিসেম্বরে ন্যাটোর আফগানিস্তান মিশন শেষ করার কথা রয়েছে।

কাবুল পুলিশের মুখপাত্র এবাদুল্লাহ করিমি বলেন, ‘পার্লামেন্ট ভবনের সামনের প্রধান সড়কে প্রথম গাড়িবোমা হামলাটি করা হয়। এরপর একদল হামলাকারী পার্লামেন্ট ভবনের সামনে ঢুকে পড়ে।’

ওই সময় পার্লামেন্ট ভবনে থাকা পার্লামেন্ট সদস্য মোহাম্মদ রেজা খোশাক বলেন, ‘সেশন চলছিল এবং আমরা কাকে প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করা হয়েছে তা জানার অপেক্ষায় ছিলাম...। হঠাৎ বড় একটি বিস্ফোরণের শব্দ পাই। এরপর ছোট ছোট আরও কয়েকটি বিস্ফোরণ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই পার্লামেন্ট ভবনের মধ্যের সংসদ হল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়। এরপর সংসদ সদস্যরা দৌড়াতে শুরু করেন।’