আফগান পার্লামেন্টের কাছে জোড়া বোমায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পার্লামেন্টের কাছে গতকাল মঙ্গলবার বিকেলে জোড়া আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৩ জন প্রাণ হারিয়েছেন। এ হামলায় আহত হন আরও অন্তত ৮০ জন।

কাবুলের জ্যেষ্ঠ স্বাস্থ্যসেবা কর্মকর্তা সালিম রাসৌলি বলেন, পার্লামেন্টের বর্ধিত ভবনের কাছে দারুল আমান সড়কে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। হতাহত ব্যক্তিদের অধিকাংশ পার্লামেন্টের কর্মকর্তা-কর্মচারী।

হামলার পরপরই এর দায় স্বীকার করেছে আফগান তালেবান। সংগঠনটি বলেছে, আফগানিস্তানের প্রধান গোয়েন্দা সংস্থা ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) কর্মীদের বহনকারী একটি মিনিবাস ছিল এ হামলার নিশানা। তালেবান আরও বলেছে, তাদের একজন আত্মঘাতী হামলাকারী দারুল আমান এলাকায় হেঁটে গিয়ে বাসটি লক্ষ্য করে বোমার বিস্ফোরণ ঘটায়। পরে ঘটনাস্থলে আসা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি গাড়িবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

ঘটনাস্থলের কাছ থেকে হেঁটে চলা প্রত্যক্ষদর্শী সাজাদুল্লাহ খান হামলার বর্ণনা দিয়ে বলেন, ‘আকস্মিক বিস্ফোরণের শব্দে আমি লাফিয়ে পড়লাম। দেখলাম লোকজন আহত হয়ে পড়ে আছেন। ভস্মীভূত হয়ে আছে বাসটি।’

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা আখ্যায়িত করে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এক বিবৃতিতে বলেন, দায়ী ব্যক্তিরা দেশের কোথাও নিরাপদে থাকতে পারবে না। বেসামরিক লোকজনের ওপর হামলা চালিয়ে নির্লজ্জভাবে এর কৃতিত্ব দাবি করছে তালেবান।

এ হামলার আগে গতকালই সকালে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্কর গাহে এনডিএসের ব্যবহৃত একটি বাড়িতে আরেক আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটালে সাতজন নিহত হন।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনী অভিযান চালিয়ে আফগানিস্তান থেকে তালেবান সরকারকে উৎখাত করার পর ১৫ বছর ধরে দেশটিতে অব্যাহতভাবে চলা সহিংসতায় কয়েক হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন।