কুনদুজ শহর পুনরুদ্ধারের লড়াই পরিচালনায় সরকারের ‘লজ্জাজনক’ ভূমিকার সমালোচনা করে আফগানিস্তানের আইনপ্রণেতারা গতকাল বুধবার প্রেসিডেন্ট আশরাফ গনির পদত্যাগ দাবি করেছেন। কুনদুজে তালেবান জঙ্গিদের সঙ্গে গতকালও সরকারি বাহিনীর প্রচণ্ড লড়াই হয়েছে। খবর রয়টার্সের।
কৌশলগত কারণে গুরুত্বপূর্ণ উত্তরাঞ্চলীয় শহর কুনদুজ গত সোমবার আকস্মিক অভিযানে দখল করে নেয় তালেবান। দেশটিতে গত ১৪ বছরের মধ্যে এটি তাদের সবচেয়ে বড় সামরিক সাফল্য।
কুনদুজের নিয়ন্ত্রণ ফিরে পেতে সেনাবাহিনীর দুই দিনের চেষ্টায় বড় কোনো অগ্রগতি হয়নি। কয়েক হাজার পুলিশ ও সেনাসদস্য কুনদুজের বিমানবন্দরে অবস্থান করছেন। তাঁরা দেশের অন্যান্য অংশ থেকে সেনা ও রসদ সরবরাহ পাওয়ার অপেক্ষা করছেন।
কাসপিয়া প্রদেশ থেকে নির্বাচিত আইনপ্রণেতা ইকবাল সাফি গতকাল পার্লামেন্টের অধিবেশনে বলেন, কুনদুজের পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা লজ্জাজনক। প্রেসিডেন্ট আশরাফ গনি ও তাঁর প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহর অবশ্যই পদত্যাগ করা উচিত।
সাফির বক্তব্যের সমর্থনে অন্য আইনপ্রণেতারাও উচ্চ স্বরে আওয়াজ দেন। প্রেসিডেন্ট গনির মুখপাত্র সাইয়েদ জাফর হাশেমি এ বিষয়ে পরে বলেন, ‘প্রতিবাদ করার অধিকার আইনপ্রণেতাদের আছে। প্রেসিডেন্ট কুনদুজের নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে প্রাধান্য দিচ্ছেন। তা ছাড়া সেখানকার বিভিন্ন এলাকা সন্ত্রাসীদের দখলমুক্ত করার চেষ্টা চলছে। আফগান সেনারা এগিয়ে যাচ্ছে। কীভাবে এত দ্রুত শহরটির পতন ঘটল, তা তদন্তের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট গনি।’
প্রেসিডেন্ট গনি এক বছর আগে ক্ষমতা নেন। এই এক বছরে আফগানিস্তানে সহিংসতার ঘটনা ক্রমেই বেড়েছে।
কুনদুজ পুনর্দখলের লড়াইয়ে মার্কিন বিমানবাহিনী সরকারি বাহিনীকে সহায়তা করছে। আফগান বাহিনীর একজন কর্মকর্তা বলেন, কয়েকটি এলাকা থেকে তালেবান যোদ্ধাদের সরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে বেশির ভাগ ক্ষেত্রে আফগান বাহিনী কেবল আত্মরক্ষা করছে। তাদের সঙ্গে যোগ দিতে কয়েক শ নতুন সেনা রওনা হলেও তালেবানের অবরোধের কারণে পার্শ্ববর্তী বাগলান প্রদেশে আটকা পড়েছে। পাথর ও বালুর বস্তা ফেলে কয়েকটি সড়ক বন্ধ করে দিয়েছে তালেবান যোদ্ধারা।
তালেবানের নতুন নেতা মোল্লা আখতার মনসুর বলেন, তাঁরা কুনদুজ বিমানবন্দর দখল করার চেষ্টা করছেন। ইতিমধ্যে সেখানকার চারপাশের কয়েকটি অংশ তালেবানের নিয়ন্ত্রণে এসেছে।
আফগানিস্তানে ২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট বাহিনীর হামলায় কট্টরপন্থী তালেবান সরকারের পতন হয়। এরপর থেকে এ জঙ্গিরা বিদ্রোহ চালিয়ে যাচ্ছে। গত বছরের শেষ দিকে বেশির ভাগ পশ্চিমা সেনা ফিরে যাওয়ার পর দেশটিতে জঙ্গি সহিংসতা বাড়তে থাকে।
যুক্তরাষ্ট্র গত মঙ্গলবার স্বীকার করেছে যে কুনদুজের পতন একটি বড় অবনতি। তবে আফগান বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ফিরে পাবে—এমন আত্মবিশ্বাস আছে যুক্তরাষ্ট্রের। পশ্চিমা সামরিক জোট ন্যাটো গতকাল বলেছে, কুনদুজের লড়াইয়ে আফগানদের সহায়তা করছে ন্যাটোর বিশেষ বাহিনী।