আফগান ভাইস প্রেসিডেন্ট দোস্তামের দেশত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল রশিদ দোস্তাম
আবদুল রশিদ দোস্তাম

রাজনৈতিক বিরোধীকে অপহরণ ও নির্যাতনের অভিযোগে সংকটে পড়া আফগান ভাইস প্রেসিডেন্ট আবদুল রশিদ দোস্তাম দেশ ছেড়ে তুরস্কে গেছেন। আফগানিস্তানের কর্মকর্তারা গতকাল শনিবার এ খবর দিয়েছেন। সাবেক যুদ্ধবাজ নেতা দোস্তামের এই দেশত্যাগ আরেকটি দীর্ঘ নির্বাসনে রূপ নিতে পারে।
উজবেক জনগোষ্ঠীর প্রভাবশালী নেতা দোস্তামের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিরোধী রাজনীতিককে নির্যাতনের ফৌজদারি তদন্ত শুরু হয়। এর মধ্যেই তিনি শুক্রবার রাতে দেশ ত্যাগ করেন। সম্ভবত বিচারপ্রক্রিয়া বা শাস্তি এড়াতেই তিনি এমন পদক্ষেপ নিয়েছেন। পর্যবেক্ষকেরা মনে করছেন, এভাবে দেশ ছাড়ার মধ্য দিয়ে আফগানিস্তানে দোস্তামের রাজনৈতিক ভবিষ্যতের অবসান ঘটার সম্ভাবনাই বেশি।
দোস্তামের মুখপাত্র বশির আহমদ তাহিয়ানজ অবশ্য বলেছেন, চিকিৎসা এবং পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে দোস্তাম তুরস্কে গেছেন। সফর শেষে তিনি দেশে ফিরবেন।
৬৩ বছর বয়সী দোস্তাম গত বছর বিরোধী রাজনীতিক আহমদ ইশচিকে অপহরণ করেন বলে অভিযোগ আছে। ইশচিকে পাঁচ দিন আটক রেখে যৌন নির্যাতনসহ বিভিন্নভাবে অত্যাচার করা হয় বলেও অভিযোগ। তবে দোস্তাম এসব অস্বীকার করেছেন।
আফগানিস্তানের পশ্চিমা মিত্র দেশগুলো দোস্তামকে গ্রেপ্তারের জন্য প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারকে প্রথমদিকে চাপ দিয়েছিল। দোস্তাম আগের বেশ কিছু অভিযোগ থেকে রেহাই পেয়েছেন। তবে এখন জনমনে ক্ষোভের পরিপ্রেক্ষিতে সরকার তাঁর বিচারের পরিবর্তে দৃশ্যত নির্বাসনকেই বেছে নিল। কারণ, তাঁকে দোষী সাব্যস্ত করে সাজা দিলে উজবেক জনগোষ্ঠী ক্ষুব্ধ হয়ে সহিংস হয়ে উঠতে পারে।
মানবাধিকারকর্মীরা এ ঘটনায় হতাশা প্রকাশ করে বলেছেন, আফগানিস্তানে প্রভাবশালী ব্যক্তিদের আইনের আওতায় আনা খুব কঠিন।
হিউম্যান রাইটস ওয়াচের গবেষক প্যাট্রিসিয়া গসম্যান বলেন, ‘এটা আফগানিস্তানের সাধারণ বাস্তবতার একটা উজ্জ্বল নমুনা। কেবল দোস্তাম নন, ক্ষমতাধর অবস্থানে থাকা যে কেউ বিচারের উপযোগী হলেও সরকার শেষ পর্যন্ত তাতে অনাগ্রহ দেখায়।’