আফগান শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্যের বৃত্তি স্থগিত
আফগানিস্তানের যেসব শিক্ষার্থীকে আগামী মাস থেকে যুক্তরাজ্যের বৃত্তি দেওয়ার কথা ছিল, তা স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য আফগান শিক্ষার্থীদের আবাসন খরচ ও বৃত্তি আপাতত দেওয়া হবে না। খবর বিবিসির।
দেশটির পররাষ্ট্র বিভাগ বলছে, আফগানিস্তানের সংঘাতময় পরিস্থিতির কারণে সেখানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুতি শেষ করতে পারেনি। যুক্তরাজ্য সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন কনজারভেটিভ পার্টির সাবেক দুই পার্লামেন্ট সদস্য।
সাবেক পার্লামেন্ট সদস্য ডেভিড লিডিংটন টুইটে বলেছেন, আফগান শিক্ষার্থীদের বৃত্তি স্থগিত করার সিদ্ধান্ত অনৈতিক। লিডিংটন আরও বলেন, তিনি আশা করেন, প্রধানমন্ত্রী বরিস জনসন ও পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বিষয়টি জরুরি ভিত্তিতে পর্যালোচনা করবেন। সাবেক আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ররি স্টুয়ার্ট বলেন, শিক্ষার্থীদের ভিসা স্থগিত করায় তিনি গভীরভাবে শোকাহত। সাবেক আন্তর্জাতিক উন্নয়নমন্ত্রী ররি স্টুয়ার্ট বলেন, এ ধরনের ঘটনা খুবই হতাশাজনক।
পররাষ্ট্র কার্যালয়ের মুখপাত্র বলেন, শিক্ষার্থীরা আগামী বছর থেকে তাঁদের শিক্ষা কার্যক্রম শুরু করতে পারবেন।
আফগানিস্তানে একের পর এক এলাকা দখলে নিয়েছে তালেবান। সর্বশেষ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গুরুত্বপূর্ণ শহর জালালাবাদের দখল নিয়েছে তালেবান। আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে জালালাবাদের দূরত্ব ৮০ মাইল। জালালাবাদ দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে অন্তত ২০টির রাজধানীর নিয়ন্ত্রণ নিল তালেবান।
সেখানে থাকা ব্রিটিশ নাগরিকদের সরিয়ে আনতে ৬০০ সেনা পাঠাবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। চলমান সহিংসতার কারণে আফগানিস্তানে আড়াই লাখের বেশি মানুষ গৃহহীন হয়ে পড়েছে। অনেকেই কাবুল ছেড়ে পালিয়েছেন। যুক্তরাজ্যের জয়েন্ট ফোর্স কমান্ডের প্রধান জেনারেল স্যার রিচার্ড ব্যারন এর আগে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার নিয়ে সতর্ক করেন।