আফগান সেনা হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ জাবুলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৭ জন নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ১২ জন আফগান সৈন্য। আজ বৃহস্পতিবার ঘটনাটি ঘটে।

প্রাদেশিক একজন পুলিশ কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে এএফপিকে বলেন, কারিগরি জটিলতার কারণে হেলিকপ্টারটি জাবুল প্রদেশের শিনকাই এলাকায় বিধ্বস্ত হয়। এতে পাঁচজন ক্রু ও ১২জন সেনা নিহত হয়েছেন। তাঁদের মধ্যে একজন সেনা কমান্ডারও রয়েছেন।

শিনকাই জেলার প্রধান মো. কাসিম খান মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। এরই মধ্যে ঘটনা তদন্তে একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে।

তালেবান বিদ্রোহীদের আক্রমণে ২০১১ সালে চিনুকে ন্যাটোর হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় ৩০ জন মার্কিন সৈন্য মারা যান। গত বছর এপ্রিলে কান্দাহারে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা যান পাঁচজন ব্রিটিশ সৈন্য।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোবাহিনী গত বছর ডিসেম্বরেই আফগানিস্তানে তাদের কমবেট মিশনের সমাপ্তি টেনেছে। তবে স্থানীয় সৈন্যদের সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ দিতে ১৩ হাজারেরও বেশি সৈন্য দেশটিতে রয়ে গেছেন।