আফগান সেনার শরীরে জুড়ল ভারতীয় হাত

মাইন অকেজো করতে গিয়ে বিস্ফোরণে তিন বছর আগে দুই হাত হারিয়েছিলেন ৩০ বছর বয়সী আফগান সেনা কর্মকর্তা আবদুল রহিম। তবে উন্নত চিকিৎসার কল্যাণে অন্যের শরীরের দুটি হাত জোড়া দেওয়া হয়েছে তাঁর শরীরে। সেই হাতে তিনি কিছু কাজকর্মও করতে পারছেন। খবর এনডিটিভির।
আফগান সেনাবাহিনীর ক্যাপ্টেন রহিমের শরীরে প্রতিস্থাপিত হাত দুটির মালিক ভারতের কেরালার ৫৪ বছর বয়সী এক ব্যক্তি। দুর্ঘটনায় তাঁর মস্তিষ্ক সম্পূর্ণ অকার্যকর হয়ে যায়।
ভারতের কেরালা রাজ্যের কোচি শহরে অবস্থিত অমৃতা ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে (এআইএমএস) টানা ১৫ ঘণ্টার অস্ত্রোপচারের মাধ্যমে রহিমের শরীরে দুটি হাত প্রতিস্থাপন করা হয়। ২০ জন শল্যচিকিৎসক ও আটজন অবেদনবিদ গত মাসে ওই অস্ত্রোপচারে অংশ নেন। হাতের জন্য বিভিন্ন দেশে যোগাযোগ করেছিলেন রহিম। তারপর চার মাস আগে তিনি অমৃতা ইনস্টিটিউটে যান।
এআইএমএসের প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক সুব্রামানিয়াম নায়ার বলেন, রহিমের দুই হাতে উল্লেখযোগ্য মাত্রায় কার্যকারিতা ফিরে এসেছে। তিনি দৈনন্দিন কাজে হাত দুটো ব্যবহার করতে পারছেন। তাঁকে আরও নয় থেকে ১০ মাস নিবিড় ফিজিওথেরাপি নিতে হবে।
জোড়া হাত প্রতিস্থাপনে এআইএমএসের এটি দ্বিতীয় সাফল্য। সেখানে চার মাস আগে আরেক ব্যক্তিকে একই চিকিৎসা দেওয়া হয়। তাঁর অবস্থাও এখন উন্নতির দিকে।