আফগান হাসপাতালে মার্কিন হামলা 'মানবসৃষ্ট ভুল'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের কুন্দুজে আন্তর্জাতিক মেডিকেল দাতব্য সংস্থা মেদসঁ স্যঁ ফন্তিয়াঁর (এমএসএফ) হাসপাতালে বিমান হামলার ঘটনাকে ‘মানবসৃষ্ট ভুল’ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন তদন্ত কর্মকর্তারা। তাঁরা বলছেন, কারিগরি ত্রুটি ও ভুলের কারণে ওই হাসপাতালে হামলার ঘটনা ঘটেছিল।

৩ অক্টোবর কুন্দুজে হামলার ওই ঘটনার পর এমএসএফ এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তাদের অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে। এটি যুদ্ধাপরাধের শামিল। ওই হামলায় নিহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনই ছিলেন সংস্থাটির কর্মকর্তা। সংস্থাটি ঘটনায় স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়েছিল।

যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তদন্ত কমিটি ওই ঘটনা তদন্ত করে মানবসৃষ্ট ভুলই খুঁজে পেয়েছে। তদন্ত প্রতিবেদনে জানানো হয়, মার্কিন বাহিনী সরাসরি এই হামলার ঘটনার সঙ্গে যুক্ত। তবে তারা জানত না যে তারা হাসপাতালে হামলা চালাচ্ছে। তালেবানের যে স্থাপনায় তারা হামলা চালাতে চেয়েছিল, তা ছিল কয়েক শ মিটার দূরে।

আফগানিস্তানে ন্যাটো ও মার্কিন বাহিনীর প্রধান জেনারেল জন ক্যাম্পবেল বলেন, হাসপাতালে হামলার ঘটনা খুব দুঃখজনক। বিমান চালকদের ভুলের কারণে ওই হামলা হয়েছে। বিমান চালকেরা ভেবেছিলেন, তারা তালেবান-নিয়ন্ত্রিত আফগান সরকারের একটি স্থাপনায় হামলা চালাচ্ছে।

বিমান হামলার সঙ্গে জড়িত সেনা কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।