আফগানিস্তান থেকে এ বছরই আইএস নির্মূল!
চলতি বছরই আফগানিস্তান থেকে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদস্যদের নির্মূল করার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, সিরিয়া ও ইরাক থেকে আইএসকে হটানোর আগে আফগানিস্তান থেকে তাদের নির্মূল করা হবে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্র ও আফগানিস্তান ২০০১ সাল থেকে যৌথভাবে আফগানিস্তানে তালেবানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। এত দিন আফগানিস্তানে আইএসের উপস্থিতির ব্যাপারটি আলোচনায় আসেনি। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি আফগানিস্তানে ‘মাদার অব অল বোমস’ নিক্ষেপ করে জানায়, আইএসকে নির্মূল করার জন্য তারা ওই বোম ফেলেছিল।
আফগানিস্তানের পূর্বাঞ্চলের কিছু এলাকা নিয়ে সক্রিয় আছে ইসলামিক স্টেট খোরাসান, যা ‘আইএসকে’ নামে বেশি পরিচিত। ২০১৫ সাল থেকে তারা সেখানে তাদের কার্যক্রম শুরু করে।
‘মাদার অব অল বোমস’ ফেলার পর পেন্টাগন জানায়, ওই ঘটনায় আইএসকের নেতা আবদুল হাসিব নিহত হয়েছেন।
আফগানিস্তানে মার্কিন বাহিনীর মুখপাত্র বিল সালভিন বলেন, এ বছরই আইএসকে নির্মূল করার একটি ভালো সম্ভাবনা আছে।