আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার নিয়ে দোলাচল
তালেবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চুক্তি অনুসারে, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা ৩১ আগস্ট। যুক্তরাষ্ট্রও এ সময়সীমার মধ্যে সেনা প্রত্যাহার করতে চাইছে। এ লক্ষ্যে আফগানিস্তান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে তারা। যদিও মিত্ররা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে, সেনা প্রত্যাহারের এ সময়সীমা বাড়ানো হোক। খবর বিবিসির।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এখনো এ তারিখ পরিবর্তনের বিষয় বিবেচনায় আনেনি। এ ছাড়া দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসও বলেছেন, দেশটি থেকে সেনা প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য এখনো অনেক সময় রয়েছে।
বিবিসির খবরে বলা হয়েছে, আফগানিস্তান ইস্যুতে শীর্ষ শিল্পোন্নতদের দেশগুলো জোট জি-৭-এর নেতারা আজ মঙ্গলবার জরুরি বৈঠকে বসবেন। মার্কিন সেনা প্রত্যাহার পিছিয়ে দিতে এ বৈঠকে থেকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জার্মানি ও ফ্রান্সও এ ইস্যুতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াবে।
এদিকে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সময়সীমা পেছানো হবে কি না, এ সিদ্ধান্ত আগামী ২৪ ঘণ্টার মধ্যে নেবেন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন।
তবে এ নিয়ে তালেবানের অবস্থান ভিন্ন। সশস্ত্র এ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ানো হলে তা হবে চুক্তির লঙ্ঘন।