আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে ফিরল আরও ১১০০ মার্কিন
আফগানিস্তান থেকে আরও ১ হাজার ১০০ জনের বেশি মার্কিনকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ১৩টি সামরিক উড়োজাহাজে করে তাদের নিজ দেশে ফিরিয়ে নেওয়া হয়। মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
কাবুলের পতনের মধ্য দিয়ে আফগানিস্তান এখন তালেবানের দখলে। এই পরিস্থিতির মধ্য অনেকটা তড়িঘড়ি করেই নিজ দেশের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন আগেই ঘোষণা দিয়েছিলেন, চলতি মাসের ৩১ তারিখের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা ও নাগরিকদের ফিরিয়ে নেওয়া হবে।
এ বিষয়ে হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, ‘আমরা মার্কিনদের ফিরিয়ে আনার একটি ধারা তৈরি করেছি। আশা করছি এই সংখ্যা আরও বাড়বে।’
এদিকে গতকালের ১ হাজার ১০০ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট ৩ হাজার ২০০ জনের বেশি মার্কিনকে ফিরিয়ে নেওয়া হলো। এ ছাড়া আফগানিস্তানে তালেবানের হামলার ঝুঁকিতে রয়েছে—এমন প্রায় দুই হাজার আফগানকেও যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়েছে।
তালেবানের হাতে আফগান সরকারের এমন পতন বাইডেনের দক্ষ রাজনীতিকের ভাবমূর্তি গুরুতর প্রশ্নের মুখে ফেলেছে। কাবুল থেকে মার্কিন দূতাবাসকর্মী ও নাগরিকদের সরিয়ে আনার দৃশ্য ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের করুণ পরিণতির কথাই অনেককে মনে করিয়ে দিচ্ছে। এর জের ধরে ডেমোক্রেটিক ও রিপাবলিকান পার্টির রাজনীতিবিদসহ মার্কিন গণমাধ্যমে বাইডেনের কঠোর সমালোচনা করা হচ্ছে। আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের এমন প্রস্থানকে লজ্জাজনক বলে মনে করছে মার্কিনরা।