আফগানিস্তানে আইএসের চার জঙ্গির শিরশ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে প্রভাবশালী একজন আইনপ্রণেতার প্রতি অনুগত স্থানীয় মিলিশিয়া বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেটের (আইএস) চার জঙ্গির শিরশ্ছেদ করেছে। প্রাদেশিক কর্মকর্তারা গতকাল রোববার বলেন, ওই জঙ্গিদের মাথা একটি সড়কের পাশে রাখা হয়েছিল। খবর রয়টার্সের।
পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের আচিন জেলায় ওই নৃশংস ঘটনা ঘটেছে। সেখানে আইএসের সঙ্গে প্রতিদ্বন্দ্বী সংগঠনগুলোর সহিংস লড়াই ক্রমশ বাড়ছে। ওই প্রদেশের বেশ কয়েকটি জেলায় আইএস নিজেদের শক্তি বাড়িয়ে কট্টর ইসলামপন্থী জঙ্গি সংগঠন তালেবানের জায়গা নিতে চাইছে। কিন্তু স্থানীয় আইনপ্রণেতা ও পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি জহিরের অনুগত মিলিশিয়ারা সেখানে তালেবান ও আইএস—দুটি গোষ্ঠীর জঙ্গিদের বিরুদ্ধেই কয়েক সপ্তাহ ধরে লড়াই করছে।
ইরাক ও সিরিয়ায় সক্রিয় আইএসের আবির্ভাব আফগানিস্তানে তুলনামূলক নতুন।
নানগারহার প্রদেশে তরুণ যোদ্ধাদের দলে ভেড়াতে ‘খিলাফতের কণ্ঠস্বর’ নামের একটি বেতার কার্যক্রম শুরু করেছে আইএস। এতে সেখানে সংগঠনটির শক্তিবৃদ্ধির ইঙ্গিত মিলছে।