আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) প্রভাব বিস্তার বাড়ছে এবং সেখানকার নিরাপত্তা পরিস্থিতির অবনতি হচ্ছে। গত মঙ্গলবার মস্কোয় এক বৈঠকে এ হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া, চীন ও পাকিস্তান। তবে ওই বৈঠকে আফগানিস্তানেরই কোনো প্রতিনিধি ছিলেন না।
অবশ্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তিন দেশের প্রতিনিধিরা মস্কোতে মিলিত হয়ে ভবিষ্যতে এ বিষয়ে আলোচনার জন্য আফগান সরকারকে আমন্ত্রণ জানাতে সম্মত হয়েছেন। বৈঠকের পর মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেন, (তিন দেশ) আইএসের আফগান শাখাসহ দেশটিতে উগ্রবাদী দলগুলোর উত্থানে বিশেষ উদ্বেগ প্রকাশ করেছে। এটি এই তিন দেশের মধ্যে হওয়া একের পর এক বৈঠকের তৃতীয় বৈঠক। এর আগে কাবুলে হয় দুটি বৈঠক।
মার্কিন মদদপুষ্ট আফগান বাহিনীর হাতে তালেবান পতনের ১৫ বছরের বেশি সময় পার হলেও দেশটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করছে। কিন্তু যুক্তরাষ্ট্রকে মস্কোর এ বৈঠকে আমন্ত্রণ জানানো হয়নি। ওয়াশিংটন ও কাবুলের কর্মকর্তাদের ভাষ্যমতে, আফগান সরকারের বিরুদ্ধে লড়াইরত তালেবান জঙ্গিদের রাশিয়া মদদ দিচ্ছে। কিন্তু জঙ্গিদের সহায়তা করার কথা মস্কো অস্বীকার করেছে।