
যুক্তরাষ্ট্রের প্রতি আফগানিস্তানে ‘দখল’ অবসানের আহ্বান জানিয়েছেন জঙ্গি সংগঠন তালেবানের নতুন নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। গত মে মাসে তালেবানের নেতা নির্বাচিত হওয়ার পর এটিই হাইবাতুল্লাহর প্রথম বিবৃতি।
বিবৃতিতে হাইবাতুল্লাহ আখুন্দজাদা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘পেশি শক্তির ব্যবহার বাদ দিয়ে বাস্তবতা বোঝার চেষ্টা করুন। আর আপনাদের দখলের অবসান ঘটান।’
তালেবান নেতা বলেন, ‘মার্কিন আগ্রাসনকারী এবং তাদের সহযোগীদের প্রতি আমাদের বার্তা হলো— আফগানিস্তানের মুসলিমরা ভীরু নন। আপনাদের সঙ্গে সংঘাতের ফলে শহীদ হওয়াকে তাঁরা জীবনের সর্বোত্তম লক্ষ্য বলেই মনে করেন।’
তিনি আরও বলেন, ‘আপনারা কোনো দলের বিরুদ্ধে নয়, একটি জাতির বিরুদ্ধে লড়ছেন। আর এই লড়াইয়ে আপনারা জয়ী হতে পারবেন না।’
গত মে মাসে তালেবান নেতা আখতার মনসুর পাকিস্তানে মার্কিন ড্রোন হামলায় নিহত হন। এরপর নতুন নেতা নির্বাচিত হন হাইবাতুল্লাহ আখুন্দজাদা। আফগানিস্তানে বোমা হামলায় পুলিশসহ অন্তত ২৩ জন নিহত হওয়ার ঘটনার দুদিন পরেই তাঁর এই বিবৃতি এল।