আফগানিস্তানে আত্মঘাতী বোমায় ১৩ জন নিহত
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ নগরে গতকাল রোববার এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এক সপ্তাহের কম সময়ে নগরীটিতে এটি দ্বিতীয় রক্তক্ষয়ী হামলার ঘটনা। খবর এএফপির।
আফগান কর্মকর্তারা বলেন, জালালাবাদের একজন প্রবীণ রাজনীতিকের বাড়িতে ওই হামলা চালানো হয়েছে। হামলায় ১৪ জন আহতও হয়েছেন। তালেবানের সঙ্গে শান্তি আলোচনা আবার শুরুর লক্ষ্যে নতুন দফা সমঝোতা প্রচেষ্টার আগে আগে এ হামলা চালানো হলো।
কর্মকর্তারা জানান, জালালাবাদের প্রবীণ রাজনীতিক ওবায়দুল্লাহ সিনওয়ারির বাড়িতে উপজাতীয় নেতাদের পরিষদের (জিরগা) বৈঠক হচ্ছিল। সেই সময় বোমা হামলাটি চালানো হয়। হামলায় ওবায়দুল্লাহ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন।
জালালাবাদ নানগরহর প্রদেশের রাজধানী। প্রদেশটির গভর্নর এক বিবৃতিতে হামলায় ১৩ জন নিহত ও ১৪ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
গত বুধবার জালালাবাদে আরেকটি জঙ্গি হামলার ঘটনা ঘটে। সে সময় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) সেখানকার পাকিস্তানি কনস্যুলেটে হামলা চালায়। পরে সেখানে চার ঘণ্টা ধরে গোলাগুলি চলে। সংঘর্ষে তিন হামলাকারীর সবাই ও নিরাপত্তা বাহিনীর সাত সদস্য নিহত হয়েছিলেন।
আফগানিস্তানের কোনো শহর ও পাকিস্তানের সরকারি স্থাপনায় সেটাই ছিল মধ্যপ্রাচ্যভিত্তিক সংগঠন আইএসের প্রথম বড় ধরনের হামলার ঘটনা।