আফগানিস্তানে আত্মঘাতী বোমায় নিহত ৩৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আজ শনিবার একটি ব্যাংকের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ৩৭ জন নিহত হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ১০০ জন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করেছে।

নানগরহার প্রদেশের পুলিশ প্রধান ফজল আহমদ শিরজাদের বরাত দিয়ে এএফপির খবরে জানানো হয়, সরকারি চাকরিজীবীরা বেতন তোলার সময় ব্যাংকের বাইরে ওই হামলার ঘটনা ঘটে। প্রাদেশিক সরকারের মুখপাত্র আহমদ জিয়া আব্দুলজাই হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইনামুল্লাহ মিয়াক্কেল হতাহতের বিষয়ে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক। হতাহতের আরও বাড়তে পারে।

আইএসের মুখপাত্র শহীদুল্লাহ শহীদ হামলার দায় স্বীকার করে জানান, আত্মঘাতী বোমা হামলাকারীর নাম আবু মুহাম্মদ খুরাসানি।