আফগানিস্তানে আরও বেশি সেনা রাখার ঘোষণা ওবামার
পূর্বঘোষিত অবস্থান থেকে সরে এসে ২০১৬ সাল বা এরপরে আফগানিস্তানে আরও বেশি সেনা রাখার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসে এক বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। খবর এএফপির।
আফগানিস্তানে বর্তমানে প্রায় মার্কিন সেনা আছে ৯ হাজার ৮০০। ওয়াশিংটনের পূর্ব ঘোষণা অনুযায়ী, ২০১৬ সালের শেষ নাগাদ সেই সংখ্যা এক হাজারে নামিয়ে আনার কথা। কিন্তু ওবামা জানিয়েছেন, ওই সময় বা তারও পরে অর্থাৎ ২০১৭ সালের শুরুর দিকেও আফগানিস্তানে সাড়ে পাঁচ হাজার মার্কিন সেনা থেকে যাবে।
নতুন সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে ওবমা বলেন, আফগানিস্তানে জঙ্গিগোষ্ঠী তালেবানকে প্রতিরোধ করতে যুক্তরাষ্ট্রের নীতিতে পরিবর্তনের অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মার্কিন সেনাদের বর্তমান সংখ্যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয় বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, মার্কিন সেনাদের অবস্থানের সময় বাড়ানোর ফলে তা আফগানিস্তানের অনেক কাজে আসবে।
প্রেসিডেন্ট ওবামা বলেন, আমাদের দেশের ওপর আবার হামলা চালাতে সন্ত্রাসীরা আফগানিস্তানকে নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করুক, সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে আমি তা হতে দিতে পারি না। আফগান সরকারের সঙ্গে তালেবানের চূড়ান্ত নিষ্পত্তি হলেই কেবল সেখান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের পথ উন্মুক্ত হবে।