আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহে সরকারি বাহিনী ও তালেবানের মধ্যে তীব্র লড়াই চলছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, সেখানে নির্বিচার গুলি এবং বিমান হামলায় বেসামরিক লোকজন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইউএন অ্যাসিসট্যান্স মিশন গতকাল মঙ্গলবার এক টুইটে বলেছে, ২৪ ঘণ্টায় ৪০ জন সাধারণ মানুষ নিহত হয়েছেন। আহতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেছে।
দেশটির সরকারি কর্মকর্তারা বলছেন, হেলমান্দে তীব্র লড়াইয়ে সরকারি বাহিনী লস্করগাহে এক ডজনের বেশি রেডিও এবং টিভি স্টেশন দখলমুক্ত করেছে। অন্যদিকে আরেক শহর হেরাতে সরকারি বাহিনী সর্বশেষ তালেবান হামলা প্রতিহত করার পর শত শত বাসিন্দা বাড়ির ছাদে উঠে স্লোগান দিয়েছেন।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, তীব্র লড়াই হলেও আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে এটি।
তবে হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের বিভিন্ন অঞ্চলে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও আফগান বাহিনী। বিমান হামলা সত্ত্বেও শহরের নিয়ন্ত্রণ নিতে রাজপথে তীব্র লড়াই চালাচ্ছেন তালেবান যোদ্ধারা।
এটা শুধু আফগানিস্তানের যুদ্ধ নয়, এটি স্বাধীনতা এবং সর্বগ্রাসিতার বিরুদ্ধে যুদ্ধ
এর আগে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, হেলমান্দের রাজধানী লস্করগাহে তালেবানের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তালেবানদের পক্ষ থেকে সেখানকার একটি টেলিভিশন কেন্দ্র দখলের দাবি করা হয়েছে।
হেলমান্দে ৭৭ তালেবান নিহত
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশে নিরাপত্তা বাহিনীর বিমান ও স্থলপথে হামলায় তালেবানের ৭৭ সশস্ত্র যোদ্ধা নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে হামলায় এ যোদ্ধারা নিহত হয়েছেন বলে জানিয়েছেন আফগানিস্তানের প্রতিরক্ষা প্রতিমন্ত্রীর মুখপাত্র ফাওয়াদ আমান।
ফাওয়াদ আমান বলেন, নিহত এই ৭৭ জনের মধ্যে ৩ জন তালেবানের সামরিক কমিশনের প্রধান। সরকারি বাহিনীর হামলায় ২২ জন তালেবান আহত হয়েছেন। তিনি বলেন, হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের আশপাশের এলাকায় তালেবানদের লক্ষ্য করে এসব হামলা চালানো হয়।
এর আগে হেলমান্দে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্রের বাহিনী। ওই হামলায় কমপক্ষে ৪০ জন তালেবান নিহত হন।
যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার শুরুর পর থেকে তালেবানের হামলা বেড়েছে। এতে সরকারি বাহিনীর সঙ্গে তালেবানের লড়াইও তীব্র হয়েছে। তালেবান এ পর্যন্ত ২২৩টি জেলার নিয়ন্ত্রণ নিয়েছে। এ ছাড়া ১১৬টি জেলায় লড়াই চলছে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম লং ওয়ার জার্নাল-এর দেওয়া তথ্য অনুসারে, দেশটির ৩৪টি প্রদেশের মধ্যে ১৭টির রাজধানী তালবানের দখলে চলে যাওয়ার হুমকিতে রয়েছে।
পতনের মুখে লস্করগাহ
বিবিসি বলছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবান যোদ্ধারা। তালেবানের কাছে আফগানিস্তানের প্রথম কোনো প্রাদেশিক রাজধানীর পতন হতে পারে এটি।
ইতিমধ্যে নানগরহর প্রদেশে তালেবানরা অভিযান জোরদার করেছে বলে কাবুল থেকে জানিয়েছেন আল-জাজিরার সংবাদদাতা। সেখানে সেনাদের সঙ্গে তাদের প্রচণ্ড লড়াই চলছে। তালেবান যোদ্ধারা প্রদেশের একেবারে কেন্দ্রে পৌঁছে গেছেন। তাঁরা এখন প্রাদেশিক গভর্নরের কম্পাউন্ড ও পুলিশ সদর দপ্তরের কাছে বিভিন্ন রাস্তায় অবস্থান করছেন।
তালেবান জিতে গেলে তা হবে বৈশ্বিক নিরাপত্তার জন্য ধ্বংসাত্মক পরিণতি, আফগান জেনারেলের সতর্ক বার্তা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি আফগানিস্তানে দুই দশক সামরিক অভিযানের পর সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। এরপর থেকে দেশটিতে দ্রুত তালেবানের উত্থান ঘটছে। তালেবান যোদ্ধাদের ঠেকাতে মোতায়েন করা হচ্ছে হাজার হাজার আফগান সেনা।
এর আগে গত রোববার কান্দাহারের বিমানবন্দরে রকেট হামলা চালিয়েছে তালেবান। ওই হামলার পর থেকে আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টায় রয়েছে তারা। বিবিসি বলছে, কান্দাহার জয় করলে তালেবানদের যুদ্ধে জয়ী হিসেবে ধরে নেওয়া যেতে পারে। এ জয়ের মধ্য দিয়ে দেশটির দক্ষিণাঞ্চলের বড় অংশের নিয়ন্ত্রণ নিতে পারবে তারা। পাকিস্তান সীমান্তসংলগ্ন শহর স্পিন বোলডাকেও গত রোববার রাতে নতুন করে লড়াই হয়েছে। কান্দাহার শহরে তালেবানের প্রবেশ আফগান সরকারের জন্য সবচেয়ে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখানে তালেবান যোদ্ধাদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে আফগান বাহিনী।
হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী
তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে হিমশিম খাচ্ছে সরকারি বাহিনী। এর জন্য হঠাৎ মার্কিন সেনা প্রত্যাহারকে দায়ী করেছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। পার্লামেন্টে তিনি বলেন, ‘আমাদের বর্তমান পরিস্থিতির কারণ হলো সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত আচমকা নেওয়া হয়েছে।’ আফগান প্রেসিডেন্ট বলেন, এ বিষয়ে তিনি ওয়াশিংটনকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, সেনা প্রত্যাহারের পরিণতি ভালো হবে না।
তীব্র লড়াই হলেও হেলমান্দ প্রদেশের রাজধানী লস্করগাহের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন তালেবান যোদ্ধারা: বিবিসি
এদিকে আফগানিস্তানের শরণার্থীদের অভিবাসনে নতুন উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই উদ্যোগের সঙ্গে জড়িত রয়েছে, এমন দুটি সূত্র এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনিক এক কর্মকর্তা রোববার এ তথ্য নিশ্চিত করেছেন।
আফগানিস্তানে চলমান লড়াই-সংঘাতে ঝুঁকির মুখে পড়েছেন অনেক আফগান নাগরিক। তাঁদের সাহায্য করতে বাইডেনের ওপর চাপ বাড়াচ্ছে মার্কিন আইনপ্রণেতারা ও মানবাধিকার সংগঠনগুলো।
নতুন অভিবাসন উদ্যোগ প্রসঙ্গে বাইডেন প্রশাসনের ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থায়নে চলা প্রকল্প ও যুক্তরাষ্ট্রভিত্তিক বিভিন্ন বেসরকারি সংস্থা ও গণমাধ্যমে যাঁরা কাজ করেছেন, তাঁদের অভিবাসনের ব্যবস্থা করা হবে।
এর আগে বেশ কটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বলা হয়, তালেবানের অগ্রযাত্রা ঠেকাতে পার্লামেন্টে সোমবার এক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি। জনসমক্ষে এই পরিকল্পনার বিস্তারিত প্রকাশ করা হয়নি। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনায় সমর্থন জানিয়েছে। তবে এটি প্রত্যাখ্যান করেছে তালেবান।
আফগান সেনাবাহিনী বলেছে, আফগানিস্তানের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিন প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি এখন জটিল আকার ধারণ করেছে। এসব প্রদেশে আফগান নিরাপত্তা বাহিনীগুলোর সঙ্গে তালেবানের জোর লড়াই চলছে।
আফগানিস্তানে ২০ বছরের আগ্রাসন শেষে ৩১ আগস্টের মধ্যে দেশটি থেকে সব সেনা সরিয়ে নেওয়ার চূড়ান্ত প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটো। গত মে মাসে এই প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানে সরকারি বাহিনীর ওপর হামলা ও বিভিন্ন এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠায় অভিযান জোরদার করেছে তালেবান।
বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি
আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা মিশনের এক টুইটে হেলমান্দের রাজধানী লস্করগাহের সাধারণ মানুষের দুর্দশা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। এ ছাড়া শহর এলাকায় দ্রুত লড়াই বন্ধের আহ্বান জানানো হয়েছে। বিবিসির এক খবরে বলা হয়, আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে তালেবান জিতে গেলে তার ফলাফল বৈশ্বিক নিরাপত্তার জন্য ধ্বংসাত্মক পরিণতি সৃষ্টি করবে বলে সতর্ক করেছেন আফগান জেনারেল সামি সাদাত। হেলমান্দে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন তিনি। হেলমান্দের রাজধানী ঘিরে তালেবানের সঙ্গে তীব্র লড়াই চলছে।
সাদাত বলেছেন, তালেবান শহর দখল করতে পারবেন না বলে তিনি আত্মবিশ্বাসী। তিনি বলেছেন, তালেবান তাদের আক্রমণে টিকতে পারবে না। তবে জেনারেল সাদাত সতর্ক করে বলেন, তালেবানকে অন্য জঙ্গিগোষ্ঠী সমর্থন দিচ্ছে। তাই তারা জিতে গেলে আফগানিস্তানের বাইরেও হুমকি সৃষ্টি হতে পারে। সাদাত বলেন, এটা শুধু আফগানিস্তানের যুদ্ধ নয়, এটি স্বাধীনতা এবং সর্বগ্রাসিতার বিরুদ্ধে যুদ্ধ।
যুদ্ধাপরাধে দায়ী তালেবান
আল-জাজিরার এক খবরে বলা হয়, আফগানিস্তান সীমান্ত এলাকায় বেসামরিক নাগরিকদের হত্যার জন্য তালেবানকে দায়ী করেছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। দেশ দুটির পক্ষ থেকে বলা হচ্ছে আফগানিস্তানের স্পিন বোল্ডাক এলাকায় কয়েক ডজন সাধারণ মানুষকে হত্যা করে যুদ্ধাপরাধ করেছে তালেবান।
গত সোমবার ওয়াশিংটন ও লন্ডনের পক্ষ থেকে পৃথক টুইটে বলা হয়, প্রতিশোধ নিতে তালেবান কয়েক ডজন সাধারণ মানুষকে হত্যা করেছে। এ হত্যার ঘটনা যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। টুইটে আরও বলা হয়, তালেবান নেতৃত্বকে তাদের যোদ্ধাদের অপরাধের জন্য দায়ী হতে হবে। যোদ্ধাদের নিয়ন্ত্রণ করতে না পারলে পরবর্তীকালে শাসক হিসেবে আসার সুযোগ থাকবে না।
এদিকে দোহায় তালেবানের পক্ষ থেকে আলোচনাকারী সুহাইল শাহিন রয়টার্সকে বলেছেন, ভিত্তিহীন প্রতিবেদনের ওপর নির্ভর করে ওই টুইট করা হয়েছে।