আফগানিস্তানে ঐকমত্যের সরকার গঠনে চুক্তি
আফগানিস্তানে দুই দফা অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবশেষে ক্ষমতা ভাগাভাগির বিষয়ে সম্মত হয়েছেন। আজ রোববার দেশটিতে একটি ঐকমত্যের সরকার গঠনে তাঁরা একটি চুক্তি সই করেন।
রাজধানী কাবুলের প্রেসিডেন্ট প্রাসাদে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন বিজয়ী প্রার্থী আশরাফ ঘানি ও তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে চুক্তি সইয়ের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়।
বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, চুক্তি অনুযায়ী আফগানিস্তানের প্রেসিডেন্ট হবেন আশরাফ ঘানি। অন্যদিকে আবদুল্লাহ আবদুল্লাহকে প্রেসিডেন্টের প্রায় সমপর্যায়ের ক্ষমতা দিয়ে প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) দায়িত্ব দেওয়া হবে।
ঐকমত্যের সরকার একটি মন্ত্রিসভা গঠন করবে। মন্ত্রী, সিইও ও তাঁর দুই সহযোগী নিয়ে এ মন্ত্রিসভা গঠিত হবে। এর সভাপতিত্ব করবেন প্রেসিডেন্ট। তিনি সরকারের কৌশলগত নানা বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
অন্যদিকে সিইওর সভাপতিত্বে একটি মন্ত্রিপরিষদ গঠিত হবে। এই পরিষদ দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে। সিইওকে তাঁর কাজের জন্য প্রেসিডেন্টের কাছে জবাবদিহি করতে হবে।
এ চুক্তি সইয়ের মধ্যে দিয়ে দেশটির রাজনীতিতে গত কয়েক মাস ধরে চলা অচলাবস্থার আপাত নিরসন হলো।
চলতি বছরের এপ্রিল ও জুন মাসে আফগানিস্তানে দুই দফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে একে-অপরের বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলেন এ দুই প্রার্থী। এ-সংকট নিরসনে দেশটির নির্বাচন কমিশন গত জুলাই মাস থেকে ৮০ লাখ ভোট আবারও যাচাই-বাছাই শুরু করে। এতে দেখা যায়, আশরাফ ঘানির সঙ্গে আবদুল্লা আবদুল্লার ব্যবধান তিন পয়েন্টে নেমে এসেছে। এর আগে তাঁদের ১৩ পয়েন্টের ব্যবধান ছিল।