আফগানিস্তানে ঐক্যের মন্ত্রিসভা ঘোষণা
ক্ষমতায় বসার তিন মাসের বেশি সময় পর গতকাল সোমবার ঐক্যজোটের সরকারের মন্ত্রিসভার নাম ঘোষণা করেছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ ঘানি। খবর বিবিসির।
রাজধানী কাবুলে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ২৫ সদস্যের মন্ত্রিসভা ঘোষণা করেন। এ সময় সরকারের প্রধান নির্বাহী আবদুল্লাহ আবদুল্লাহ উপস্থিত ছিলেন। মন্ত্রিসভায় তিনজন নারী স্থান পেয়েছেন। তাঁরা সংস্কৃতি, উচ্চশিক্ষা ও নারীবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। এই মন্ত্রিসভাকে পার্লামেন্টের অনুমোদন পেতে হবে।
সাবেক প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানির ছেলে সালাউদ্দিন রব্বানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। বুরহানউদ্দিন রব্বানি ২০১১ সালে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
মন্ত্রিসভা ঘোষণায় দেরি হওয়ায় ঐক্যজোটের সরকার ভেঙে যাওয়ার আশঙ্কা করেছিলেন অনেকে। গত সপ্তাহে ঘানি তাঁর ক্ষমতায় বসার ১০০ দিন পার করেন। ক্ষমতায় আসার পর ঘানির সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ছিল নিরাপত্তা চুক্তি স্বাক্ষর। এর মাধ্যমে দেশটিতে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বাহিনী গত বছরের শেষ দিকে তাদের সামরিক অভিযানের সমাপ্তি ঘটায়।
এ বছরের শুরুতে আফগান বাহিনী দেশটির নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেয়। আফগানিস্তানে প্রায় ১৩ হাজার বিদেশি সেনা আছে প্রশিক্ষণ দেওয়ার কাজে। এদের বেশির ভাগই যুক্তরাষ্ট্রের।