আফগানিস্তানে গণধর্ষণের মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

আফগানিস্তানে চার নারীকে অপহরণ ও গণধর্ষণের মামলায় আজ রোববার সাতজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। সাতজনের মধ্যে পাঁচজনকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা হয়েছে।
এদিকে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে দুজন দাবি করেছেন, তাঁরা ধর্ষণের সঙ্গে নয় বরং ডাকাতির সঙ্গে যুক্ত ছিলেন। বিবিসির অনলাইনের খবরে জানানো হয়, গত ২৩ আগস্ট একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে ওই চার নারী তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে পাঘমান এলাকায় গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে রাজধানী কাবুলে ফেরার পথে পুলিশের পোশাকধারী ১০ জন লোকের একটি দল তাঁদের গাড়ি থামায়। তারা ওই চার নারীকে অপহরণ করে নিয়ে যায়। এরপর তারা ওই নারীদের গয়না লুট করে ও ধর্ষণ করে। এ ঘটনা আফগানিস্তানে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। দেশজুড়ে সৃষ্টি হওয়া জনরোষের চাপে প্রধানমন্ত্রী হামিদ কারজাই অভিযুক্ত ব্যক্তিদের ফাঁসি দেওয়ার দাবি তোলেন।
আদালতে মামলার শুনানিতে ধর্ষণের শিকার এক নারী বলেন, ‘আমরা পাঘমান থেকে পরিবারের সদস্যদের সঙ্গে ফিরছিলাম। পথে তারা আমাদের অপহরণ করে। এদের মধ্যে একজন আমার মাথায় বন্দুক ঠেকায়, অন্যজন আমার গয়না কেড়ে নেয়। এরপর কী ঘটেছে, তা এরই মধ্যে আপনারা সবাই জানেন।’
ধর্ষণের শিকার চার নারীর মধ্যে একজন এক সপ্তাহ হাসপাতালে চিকিত্সা নিয়েছেন। আরেকজন অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
কাবুলের পুলিশপ্রধান জহির জহির জানান, ঘটনার পর ৩ সেপ্টেম্বর সন্দেহভাজন ১০ জনের মধ্যে সাতজন গ্রেপ্তার হন। গ্রেপ্তারের দুই ঘণ্টার মধ্যেই তারা ঘটনার সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি স্বীকার করে। বাকি তিনজন পলাতক।
আজ আদালতে আড়াই ঘণ্টা বিচারকাজ চলে। অভিযুক্ত সাতজনকে মূলত সশস্ত্র ডাকাতির দায়ে মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত, পাশাপাশি হামলার জন্য ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া ধর্ষণের দায়ে পাঁচজনকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করতে পারবে।