আফগানিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১৩

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হেলমান্দে গাড়িবোমা হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছে। হতাহত ব্যক্তিদের মধ্যে সেনাসদস্য ও সাধারণ মানুষ রয়েছে। গতকাল রোববার নাওয়া জেলায় সামরিক বাহিনীর একটি গাড়িকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। প্রাদেশিক কর্মকর্তাদের বরাত দিয়ে আজ সোমবার বিবিসির এক খবরে এ তথ্য জানানো হয়।
রয়টার্সের খবরে বলা হয়, প্রদেশের কেন্দ্রস্থলে অবস্থিত নাওয়ার নিয়ন্ত্রণ নিয়ে সাম্প্রতিক সময়ে তালেবানের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক লড়াই হয়েছে।
আফগান বাহিনী জানিয়েছে, জুলাইয়ে তারা নাওয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দুপক্ষের মধ্যে লড়াই চলছে।
হেলমান্দ গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াক বলেন, নাওয়ার একটি মার্কেটের কাছে এ বোমা হামলার ঘটনায় অন্তত ১৯ জন আহত হয়েছে। হতাহত ব্যক্তিদের প্রাদেশিক রাজধানী লস্কর গাহের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
তবে এ হামলার ঘটনা কে ঘটিয়েছে, তা এখনো পরিষ্কার নয়।
কয়েক দিন আগে লস্কর গাহতে পুলিশ সদর দপ্তরের কাছে ভয়ানক গাড়িবোমা হামলার ঘটনা ঘটেছিল। পরে তালেবান হামলার দায় স্বীকার করে।