আফগানিস্তানে ছয় বিদেশি সেনা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানে তালেবানের এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় ছয়জন বিদেশি সেনা নিহত ও তিন আফগান পুলিশ সদস্য আহত হয়েছেন। পূর্বাঞ্চলীয় বাগরাম ঘাঁটির কাছে সেনাবাহিনী ও পুলিশের এক টহল দল লক্ষ করে ওই হামলা চালালে এ হতাহতের ঘটনা ঘটে। খবর বিবিসির।
আফগানিস্তানে নিযুক্ত বহুজাতিক সেনাদের নেতৃত্বদানকারী ন্যাটো বাহিনী গতকাল সোমবার এ তথ্য জানিয়েছে। তবে হতাহত সেনা ও পুলিশ সদস্যদের পরিচয় প্রকাশ করেনি তারা। হামলার দায় স্বীকার করেছে তালেবান।
কাবুলে ন্যাটো বাহিনীর এক ঘাঁটির কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল উইলিয়াম সফনার বলেন, স্থানীয় সময় গতকাল বেলা দেড়টায় তালেবান ওই আত্মঘাতী গাড়িবোমা হামলা চালায়। আফগানিস্তানে এটিই বৃহত্তম মার্কিন ঘাঁটি। পারওয়ান প্রদেশের গভর্নরের একজন মুখপাত্র বিবিসিকে বলেন, মোটরসাইকেলে করে আসা এক ব্যক্তি বাগরামের কাছে আত্মঘাতী হামলাটি চালান।