আফগানিস্তানে জার্মান কনস্যুলেটে জঙ্গি হামলায় নিহত ২
আফগানিস্তানের উত্তরাঞ্চলে মাজার-ই-শরিফ এলাকায় জার্মান কনস্যুলেটে শক্তিশালী গাড়িবোমা হামলা চালিয়েছে তালেবান জঙ্গিরা। গতকাল বৃহস্পতিবার রাতের এই হামলায় কমপক্ষে দুজন নিহত হয়েছে। আহত শতাধিক।
এ মাসের শুরুর দিকে কুন্দুজ প্রদেশে মার্কিন বিমান হামলায় ৩২ জন বেসামরিক নাগরিক নিহত হয়। এএফপির খবরে জানানো হয়, তালেবান জঙ্গিরা বলছে, এর শোধ তুলতেই এই হামলা চালানো হয়।
স্থানীয় পুলিশপ্রধান সাইদ কামাল সাদাত এএফপিকে বলেন, জার্মান কনস্যুলেটের দেয়ালে আত্মঘাতী হামলাকারী গাড়িবোমা হামলা চালায়।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কনস্যুলেটের জার্মান কর্মীরা অক্ষত রয়েছেন। কনস্যুলেট ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলায় কতজন বেসামরিক আফগান ও নিরাপত্তাকর্মী হতাহত হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আহত আফগান ও তাদের পরিবারের প্রতি জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমবেদনা জানানো হয়।
প্রচণ্ড শব্দে বিস্ফোরণের পর ওই এলাকার আশপাশের ভবনের কাচের জানালায় ফাটল ধরে। এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বার্লিনের কূটনৈতিক সূত্র বলছে, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক ডেকেছেন। জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, মাজার-ই-শরিফ এলাকায় জার্মান কনস্যুলেটের বাইরে সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে আফগানিস্তানের নিরাপত্তাকর্মী ও ন্যাটো বাহিনীর সদস্যরা রয়েছে। কনস্যুলেট এলাকা ঘিরে রেখেছে আফগানিস্তানের বিশেষ বাহিনী।
আজ শুক্রবার সকালে ওই এলাকার আকাশে হেলিকপ্টার টহল দিতে দেখা গেছে। ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সও রয়েছে।
তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, কনস্যুলেটের ওই হামলায় ১০ জন হামলাকারী নিহত হয়েছেন। মুজাহিদ বলেন, কুন্দুজে মার্কিন বিমান হামলার শোধ নিতেই এই হামলা হয়।
স্থানীয় চিকিৎসক নূর মোহাম্মদ ফায়েজ বলেন, আহত ব্যক্তিদের মধ্যে কমপক্ষে ১০ জন শিশু রয়েছে।