আফগানিস্তানে টেলিভিশন কেন্দ্রে জঙ্গি হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জালালাবাদ শহরে গতকাল বুধবার সরকারি টেলিভিশন কেন্দ্রে হামলা চালিয়েছে সশস্ত্র জঙ্গিরা। এতে চারজন বেসামরিক লোক, দুই পুলিশ এবং চার হামলাকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৭ জন। জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করেছে।
জালালাবাদ আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারের রাজধানী। সেখানে অবস্থিত রেডিও টেলিভিশন আফগানিস্তান (আরটিএ) স্টেশনে প্রায় চার ঘণ্টাব্যাপী গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় টিভি স্টেশনের ভবনটিতে আটকা পড়েন সাংবাদিকেরা। হামলার শিকার আরটিএ ভবনের কাছাকাছিই জালালাবাদের গভর্নরের ভবন।
পরে আইএস এ হামলার দায় স্বীকার করে। আইএসের বার্তা সংস্থা আমাক ঘটনা চলার সময়ই ইনস্ট্যান্ট মেসেজ সার্ভিস টেলিগ্রামে জানায়, আইএস যোদ্ধারা জালালাবাদের সরকারি সম্প্রচার মাধ্যম ভবনে হামলা করেছে। উল্লেখ্য, পাকিস্তান সীমান্তবর্তী এ প্রদেশটিতে আইএসের উপস্থিতি আছে।
নানগারহার অঞ্চল তালেবানের শক্ত ঘাঁটি বলে পরিচিত। কিন্তু তারা এই হামলার দায় নেয়নি।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আতাউল্লাহ খুগিয়ানি বলেন, হামলার শুরুতে এক জঙ্গি আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মারা যান এক নিরাপত্তারক্ষী। এরপর তিন হামলাকারী ভেতরে ঢোকে। তখন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয়। মারা যাওয়ার আগ পর্যন্ত লড়াই চালিয়ে যায় ওই তিন হামলাকারী।
আহত ১৭ জনের মধ্যে ৯ জনকেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এক স্বাস্থ্যকর্মী বলেন, বেশির ভাগ ব্যক্তি গুলির ক্ষত নিয়ে হাসপাতালে আসেন।
আফগানিস্তানের আইএস–প্রধান আবদুল হাসিব গত মাসের শেষে মার্কিন নেতৃত্বাধীন যৌথ বাহিনীর হামলায় নিহত হন। চলতি মাসে তাঁর মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।
গত মার্চ মাসে রাজধানী কাবুলে অবস্থিত দেশের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে হামলা চালায় আইএসের জঙ্গিরা। এ ছাড়া আইএস আফগানিস্তানে চালানো বড় কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
গত মাসে নানগারহার প্রদেশেরই প্রত্যন্ত পার্বত্য এলাকায় জঙ্গিদের কথিত ভূগর্ভস্থ গোপন আস্তানা ধ্বংস করতে বিমান থেকে প্রচণ্ড শক্তিশালী বোমা ফেলে মার্কিন বাহিনী। জিবিইউ-৪৩/বি সিরিজের ওই বোমাটি মার্কিন সেনাবাহিনীতে ‘সব বোমার মা’ (এমওএবি) বলে পরিচিত। পারমাণবিক অস্ত্রের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী বোমা এটাই। পরে জানানো হয়, ওই হামলায় প্রায় ১০০ আইএস জঙ্গি নিহত হয়।