আফগানিস্তানে দুই প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে মতৈক্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানে ঐকমত্যের সরকার গঠনে প্রেসিডেন্ট পদের প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আশরাফ গনি ও আবদুল্লাহ আবদুল্লাহর মধ্যে যুক্তরাষ্ট্রের সমর্থনে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি একে ‘আফগানিস্তানের সমস্যার আফগান সমাধান’ হিসেবে অভিহিত করেছেন।
গত শুক্রবার এই সমঝোতার পর আশরাফ গনি বলেন, ‘আমরা একটি জাতীয় ঐকমত্যের সরকার গঠন করব।’ মতৈক্যের বিষয়টিকে তিনি ‘সহযোগিতার জন্য অঙ্গীকার’ বলে আখ্যায়িত করেন।
অন্যদিকে আবদুল্লাহ আবদুল্লাহ বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার ব্যাপারে একমত হয়েছি।’
এর আগে জন কেরি এই দুজনের সঙ্গে কাবুলে বৈঠক করেন। তবে ক্ষমতা ভাগাভাগির এই চুক্তির অধীনে সরকারের রূপ কেমন হবে, তা এখনো পরিষ্কার নয়।
গত ১৪ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফার নির্বাচনের ফলাফল নিয়ে দুই প্রার্থীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। একপর্যায়ে উভয়েই ভোট পুনর্গণনা করা এবং এর ফলাফল মেনে নিতে একমত হন। মোট ৮০ লাখ ভোটের সবই পুনর্গণনা করা হচ্ছে। এর প্রাথমিক ফল অনুযায়ী আশরাফ গনি ৫৬ দশমিক ৪৪ শতাংশ এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ ৪৩ দশমিক ৪৫ শতাংশ ভোট পেয়েছেন। গত এপ্রিলে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে গনি অনেক কম ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন।