আফগানিস্তানে নিখোঁজ নারী অধিকারকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

আফগানিস্তানের উত্তরাঞ্চলে দুর্বৃত্তের গুলিতে এক নারী অধিকারকর্মী ও অর্থনীতির প্রভাষক নিহত হয়েছেন। প্রায় তিন মাস আগে তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দেশটিতে কোনো নারী অধিকারকর্মী নিহত হওয়ার ঘটনা দৃশ্যত এটাই প্রথম। খবর দ্য গার্ডিয়ানের

২৯ বছর বয়সী নিহত এই কর্মীর নাম ফ্রোজান সাফি। গত ২০ অক্টোবর তিনি নিখোঁজ হয়েছিলেন। পরে মাজার-ই-শরিফ শহরের একটি হাসপাতালের মর্গে তাঁর মরদেহ পাওয়া যায়।

এই অধিকারকর্মীর বোন রিতা বলেন, ‘আমরা পরনের পোশাক দেখে সাফিকে চিনতে পেরেছি। গুলিতে তাঁর মুখ ক্ষতবিক্ষত ছিল।’ তিনি আরও বলেন, ‘তাঁর পুরো শরীরেই বুলেটের ক্ষত ছিল; মাথা, বুক, পিঠ, পা—সবখানে।’

বলখের প্রাদেশিক হাসপাতালের চিকিৎসক মেরাজ ফারুকি বলেন, গত বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুজন অজ্ঞাত ব্যক্তির গুলিবিদ্ধ লাশ নিয়ে আসেন।

এ বিষয়ে তালেবান সরকারের ওই প্রদেশের তথ্য ও সংস্কৃতিবিষয়ক পরিচালক জাবিউল্লাহ নুরানি বলেন, মাজার-ই-শরিফ শহরের একটি বাড়িতে তাঁরা ওই দুজনের মৃতদেহ পান। তাঁর ধারণা, ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে তাঁদের হত্যা করা হয়ে থাকতে পারে। এ হত্যাকাণ্ড পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।

রিতা বলেন, গত মাসের শেষ দিকে ফ্রোজানকে অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোন করেন।

তিনি নারী অধিকারকর্মী হিসেবে কাজ করার সপক্ষে তাঁকে প্রমাণপত্র সংগ্রহ ও নিরাপদ কোনো স্থানে চলে যেতে বলেন। এতে ধারণা করা হচ্ছে, ফ্রোজান জার্মানিতে আশ্রয়লাভের জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন বিবেচনার জন্য প্রক্রিয়াধীন ছিল।

রিতা আরও বলেন, ওই টেলিফোন কল পেয়ে ফ্রোজান ইউনিভার্সিটির ডিপ্লোমা সনদসহ কিছু কাগজপত্র সংগ্রহ করেন। সেগুলো একটি ব্যাগে ভরে ও মাথায় স্কার্ফ জড়িয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। তিনি বলেন, ‘তাঁকে কে বা কারা খুন করেছে, তা আমরা জানি না।’