আফগানিস্তানে প্রথম নারী বৈমানিক

শৈশব থেকেই বৈমানিক হয়ে আকাশে ওড়ার স্বপ্ন দেখতেন আফগান তরুণী নিলুফার রাহমানি (২৩)। নানা চড়াই-উতরাই পেরিয়ে দুই বছর আগে নিলুফারের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তিনিই এখন আফগানিস্তানের প্রথম নারী বৈমানিক। খবর আল-জাজিরার।
আফগানিস্তানে বিমান চালানো শেখার বেসামরিক কোনো প্রতিষ্ঠান নেই। এ ধরনের পেশায় যাওয়ার সুযোগ কেবল সামরিক সদস্যরাই পেয়ে থাকেন।
নিলুফারের শৈশবেই আফগানিস্তান তালেবানের দখলে চলে যায়। গত শতাব্দীর নব্বইয়ের দশকের শেষ দিকে দেশটির লাখো মানুষ শরণার্থী হয়ে পাকিস্তানে যায়। সেই দলে নিলুফারের পরিবারও ছিল। পরে তাঁরা দেশে ফেরেন।
স্কুলের পড়াশোনা শেষে নিলুফার একদিন বেতারে শুনলেন সেনাবাহিনীতে নারী সদস্য নিয়োগ করা হবে। সেই সুযোগ তিনি পেয়েও যান। তাঁর জন্য প্রশিক্ষণ পর্বটা ছিল অত্যন্ত কঠিন। পুরুষ সহকর্মীদের সমর্থন তেমন একটা পাননি। অবশ্য হয়রানি বা নির্যাতনের শিকার হননি কখনো। তবে সব বাধা পেরিয়ে ২০১৩ সালে নিলুফার যখন এককভাবে প্রথম ফ্লাইট পরিচালনার কৃতিত্ব অর্জন করলেন, তখন সবার কাছেই বাহবা পেলেন।