আফগানিস্তানে বকেয়া বেতনের দাবিতে শিক্ষকেরা রাস্তায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তালেবান গত ১৫ আগস্ট আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে দেশটির পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ উঠেছে
ফাইল ছবি: এএফপি

বকেয়া বেতনের দাবিতে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ হেরাতে শত শত শিক্ষক রাস্তায় নেমেছেন। তালেবানের কাছে বেতন দাবি করেছেন তাঁরা। এসব শিক্ষক গত চার মাসের বেশি বেতন পাচ্ছেন না। গতকাল বৃহস্পতিবার এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করে আফগান সংবাদমাধ্যমগুলো। খবর এএনআইর।

টোলো নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ইসলামিক আমিরাত অব আফগানিস্তান তাঁদের বেতনের ব্যবস্থা করুক—এমন দাবি তুলেছেন শিক্ষকেরা। এসব শিক্ষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় মারাত্মক অর্থকষ্টে ভুগছেন তাঁরা।

লতিফা আলিজারি নামের একজন শিক্ষক বলেন, ‘শিক্ষকেরা এমন সংকটের দিনে নিজেদের জন্য অর্থ সঞ্চয় করার মতো পর্যাপ্ত বেতন পাচ্ছেন না। শিক্ষকদের যে বেতন আগেও দেওয়া হতো, সেটা দিয়ে শুধু প্রাত্যহিক খরচ জোগাতে পারতেন তাঁরা।’
কিছু শিক্ষক উদ্বেগ জানিয়েছেন, তাঁরা তাদের শিশুদের জন্য খাবার কিংবা ওষুধের ব্যবস্থা করতে পারছেন না বলে তাঁদের পরিবার এখন অনাহারের মুখে। নাসির আহমাদ হাকিমি নামের এক স্কুলশিক্ষক বলেন, বিদ্যুৎ বিল দেওয়ার মতো আর্থিক সংগতি না থাকায় অনেক শিক্ষকের ঘরে বিদ্যুৎ নেই।

এদিকে স্থানীয় আরেক শিক্ষক সাদাত আতিফ বলেন, ‘আমার মেয়ে এক মাস ধরে অসুস্থ কিন্তু আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি না।’

প্রাথমিক তথ্যের ভিত্তিতে টোলো নিউজ জানিয়েছে, অন্তত ১৮ হাজার শিক্ষক ৪ মাস ধরে বেতন পাননি। এর মধ্যে নারী শিক্ষক রয়েছেন ১০ হাজার।

আফগানিস্তানের শিক্ষক সমিতির প্রধান সাবির মাশাল বলেন, সব শিক্ষক ও বেসামরিক কর্মী চার মাস ধরে বেতন পাচ্ছেন না। এত দিন তাঁরা ঘরের জিনিসপত্র বেচে দৈনন্দিন চাহিদা মেটাচ্ছিলেন। কিন্তু এখন তাঁদের ঘরে বিক্রি করার মতো আর কিছু অবশিষ্ট নেই।

হেরাতের প্রাদেশিক শিক্ষা বিভাগের প্রধান শুহাবুদ্দিন সাকিব জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে শিক্ষকদের এক মাসের বেতন দেওয়া হবে।

বেতন বকেয়াসহ আরও অনেক সংকটের কারণে কয়েক ডজন শিক্ষক দেশ ছেড়ে চলে গেছেন বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

গত সপ্তাহে সামানগান ও নূরিস্তান প্রদেশের কয়েক শ চিকিৎসক কাবুলে আফগানিস্তানে জাতিসংঘের মিশনের ভবনের সামনে জড়ো হন। তাঁদের দাবি, ১৪ মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না। বকেয়া বেতন পরিশোধের জন্য বিশ্ব ব্যাংকের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিক্ষোভকারী চিকিৎসকদের অভিযোগ, বেতন যেমন বকেয়া আছে, তেমনই ওই দুই প্রদেশের ক্লিনিকগুলো ওষুধের ভয়াবহ সংকট মোকাবিলা করতে গিয়েও হিমশিম খাচ্ছে।

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকেই দেশটির ব্যাংকিং ব্যবস্থা টালমাটাল। এতে করে লাখ লাখ মানুষ নগদ অর্থের সংকটে পড়েছেন। চাকরিদাতারাও তাঁদের কর্মীদের বেতন দিতে পারছেন না। এমনকি যাঁদের ব্যাংক অ্যাকাউন্টে অর্থ আছে, তাঁরাও ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারছেন না।

সরকার পতনের মধ্য দিয়ে গত ১৫ আগস্ট তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এর পর থেকে দেশটির পরিস্থিতির অবনতি ঘটছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হচ্ছে।