আফগানিস্তানে বাসের সঙ্গে তেল ট্যাংকারের সংঘর্ষ, নিহত ৩৮
আফগানিস্তানে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি। গতকাল রোববার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে এ দুর্ঘটনা ঘটে।
জাবুলের গভর্নর বিসমিল্লাহ আফগানমাল এএফপিকে বলেন, বাসটি কান্দাহার থেকে কাবুল যাচ্ছিল। জাবুলের জিলদাক এলাকায় আসার পর সেটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা তেলবোঝাই ট্যাংকারটির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে ট্যাংকারের তেলে আগুন ধরে যায়। বাসেও মুহূর্তের মধ্যে আগুন ধরে যায়। অনেক যাত্রী পুড়ে অঙ্গার হয়ে যাওয়ায় তাদের শনাক্ত করাও যায়নি।
জাবুল পুলিশের উপপ্রধান গুলাম জিলানি ফারাহি বলেছেন, আহত ও দগ্ধ ব্যক্তিদের অনেককে জাবুলের রাজধানী কালাতের হাসপাতালে এবং বাকিদের কান্দাহার প্রদেশের হাসপাতালে পাঠানো হয়েছে।
কাবুল-কান্দাহার মহাসড়কটি জঙ্গি-অধ্যুষিত এলাকা বলে বেশির ভাগ বাসচালক নাশকতা এড়ানোর জন্য প্রচণ্ড গতিতে গাড়ি চালান। এ ছাড়া সেখানকার অধিকাংশ যানবাহনই পুরোনো লক্কড়ঝক্কড় ধরনের। ফলে এই এলাকায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।
এর আগে ২০১৩ সালের এপ্রিলে কান্দাহারে একইভাবে একটি বাস ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে ৪৫ জন নিহত হয়।