আফগানিস্তানে বিয়েবাড়িতে গান বন্ধে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৬ থেকে ২০০১ সালে তালেবানের শাসনামলে আফগানিস্তানে গান নিষিদ্ধ ছিল
ফাইল ছবি: রয়টার্স

আফগানিস্তানের নানগারহার প্রদেশে একসঙ্গে চার জুটির বিয়ে হচ্ছিল। বিয়ে উপলক্ষে সেখানে বাজছিল গান। সেই গান বন্ধ করতে বন্দুকধারীরা হামলা করে। হামলায় অন্তত দুজন নিহত হন। আহত হন ১০ জন। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

হামলাকারী বন্দুকধারীরা নিজেদের তালেবানের সদস্য বলে পরিচয় দিয়েছে। তবে হামলাকারীদের এই দাবি অস্বীকার করেছেন তালেবানের এক মুখপাত্র।

গত শুক্রবার রাতে এই যৌথ বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। সেদিন রাতে বিয়ের এ অনুষ্ঠানে হামলাকারী তিন বন্দুকধারীর মধ্যে দুজনকে গ্রেপ্তার করার কথা জানিয়েছেন তালেবানের এক মুখপাত্র। তাঁর ভাষ্য, বন্দুকধারীরা তালেবানের হয়ে বিয়েবাড়িতে হামলা চালায়নি।

এক প্রত্যক্ষদর্শী বিবিসিকে বলেন, শুক্রবার রাতে নানগারহার প্রদেশের সুরখ রোড জেলায় একসঙ্গে চার জুটির বিয়ে হচ্ছিল। রাতে হঠাৎ বন্দুকধারীরা বিয়েবাড়িতে হামলা করে। এতে হতাহত হওয়ার এ ঘটনা ঘটে।

একই প্রত্যক্ষদর্শীর ভাষ্য, নারীদের জন্য সংরক্ষিত একটি স্থানে রেকর্ড করা গান বাজানোর জন্য স্থানীয় এক তালেবান নেতার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছিল। কিন্তু মধ্যরাতে হঠাৎ একদল বন্দুকধারী জোর করে বিয়েবাড়িতে ঢুকে পড়ে। তারা লাউডস্পিকার ভাঙার চেষ্টা করে। অতিথিরা বাধা দিলে বন্দুকধারীরা গুলি চালায়।

তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, বিয়েবাড়িতে হামলার ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

গত আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরের মাসে তারা সরকার গঠনের ঘোষণা দেয়।

১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তানের ক্ষমতায় ছিল তালেবান। তখন তারা দেশটিতে গান নিষিদ্ধ করেছিল। তবে এবার তারা ক্ষমতায় এসে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো ডিক্রি জারি করেনি।

আফগানিস্তানে তালেবানের প্রতিপক্ষ জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। নানগারহার প্রদেশে আইএস সক্রিয় রয়েছে। আগে এ প্রদেশে একাধিক হামলার দায় নিয়েছে আইএস।