আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আফগানিস্তানের একটি বাজারে গতকাল বুধবার সকালে আত্মঘাতী বোমা হামলায় সেনা, নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত ৩৮ জন। তাৎক্ষণিকভাবে এ হামলার দায়িত্ব কেউ স্বীকার করেনি। খবর এএফপির।
আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবান জঙ্গিদের প্রতিনিধিদের দ্বিতীয় দফায় শান্তি আলোচনার আগে এ হামলা হলো। ধারণা করা হচ্ছে, তালেবানই এই হামলা চালিয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে গভর্নর আবদুল সাত্তার বারেজ বলেন, তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী ফারায়াব প্রদেশের আলমার বাজারে এক আত্মঘাতী ব্যক্তি ওই হামলা চালায়। এতে নারী ও শিশুসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে একজন সেনা সদস্য রয়েছেন।
তালেবান জঙ্গিরা গত এপ্রিলের শেষের দিকে গ্রীষ্মকালীন হামলা শুরু করে। এ হামলার লক্ষ্যবস্তু প্রধানত সরকার হলেও অনেক সময়ই নিরপরাধ বেসামরিক লোকজন এর বলি হয়। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের প্রথম চার মাসে জঙ্গি হামলায় নারী ও শিশুসহ অন্তত এক হাজার বেসামরিক আফগান নিহত হয়েছে।