আফগানিস্তানে ব্যাংকে জঙ্গি হামলা, লড়াই চলছে
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি ব্যাংকের শাখায় আজ বুধবার সন্দেহভাজন আত্মঘাতী তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। হামলাকারীদের একজন ব্যাংকের মধ্যে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তার সহযোগীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ চলছে।
এই হামলায় কতজন হতাহত হয়েছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, ব্যাংকের ভেতরে আটকা পড়া ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বাহিনী। পুলিশের বরাত দিয়ে রয়টার্সের খবরে এ কথা জানানো হয়।
একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি বিস্ফোরণ এবং পাল্টাপাল্টি গুলির শব্দ শুনেছেন।
ব্যাংকের ভেতর থেকে পালিয়ে আসা কয়েকজন কর্মকর্তা জানান, ব্যাংকটির ভেতরে ভিড় ছিল। জঙ্গিরা যখন হামলা চালায়, তখন বেতন নিতে ব্যাংকে আসা অনেক সরকারি কর্মকর্তা ছিলেন।
হেলমান্দের পুলিশপ্রধানের মুখপাত্র ফরিদ আহমেদ ওবায়েদ জানান, পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী, চারজন তালেবান জঙ্গি ব্যাংকের ভেতর ঢুকেছে। এর মধ্যে একজন বিস্ফোরণ ঘটিয়েছে এবং বাকি তিনজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে।