আফগানিস্তানে ব্যাংকে জঙ্গি হামলায় ৬ জন নিহত, লড়াই চলছে
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের একটি ব্যাংকে আজ বুধবার সন্দেহভাজন আত্মঘাতী তালেবান জঙ্গিরা হামলা চালিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এক আত্মঘাতী হামলাকারীসহ ছয়জন নিহত হয়েছে। এখনো ব্যাংকের ভেতর বহু লোক জিম্মি অবস্থায় আছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের পাল্টাপাল্টি গুলি চলছে। খবর দ্য গার্ডিয়ান।
দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন চারজন জঙ্গি ব্যাংকে ঢুকেছে। হামলাকারীদের একজন ব্যাংকের মধ্যে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। তার সহযোগীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সদস্যদের বন্দুকযুদ্ধ চলছে।
হেলমান্দ প্রদেশের গভর্নরের মুখপাত্র ওমর জাওয়াজ জানান, প্রাদেশিক রাজধানী লাশখাহ গড়ে অবস্থিত নিউ কাবুল ব্যাংকে এ হামলার ঘটনা ঘটেছে। একজন হামলাকারী ব্যাংকের দরজায় বিস্ফোরণ ঘটিয়ে বাকি তিনজনের জন্য ভেতরে ঢোকার রাস্তা করে দেয়।
নগরের প্রধান হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা আসলান নওয়াজ জানান, তাঁদের হাসপাতালে ওই ঘটনায় আহত অন্তত ২০ জনকে ভর্তি করা হয়েছে। নিহত পাঁচজনের মৃতদেহও এই হাসপাতালে রাখা আছে।
এর আগে একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, তিনি বিস্ফোরণ এবং পাল্টাপাল্টি গুলির শব্দ শুনেছেন। ব্যাংকের ভেতর থেকে পালিয়ে আসা কয়েকজন কর্মকর্তা জানান, ব্যাংকটির ভেতরে ভিড় ছিল। জঙ্গিরা যখন হামলা চালায়, তখন বেতন নিতে ব্যাংকে আসা অনেক সরকারি কর্মকর্তা ছিলেন।
হেলমান্দের পুলিশপ্রধানের মুখপাত্র ফরিদ আহমেদ ওবায়েদ জানান, পুলিশের পাওয়া তথ্য অনুযায়ী চার তালেবান জঙ্গি ব্যাংকের ভেতর ঢুকেছে। এর মধ্যে একজন বিস্ফোরণ ঘটিয়েছে এবং বাকি তিনজন নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়ে যাচ্ছে।