আফগানিস্তানে ঘাঁটিতে আত্মঘাতী হামলায় ৪ মার্কিন নিহত

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটিতে গতকাল শনিবার আত্মঘাতী বোমা হামলায় অন্তত চার মার্কিন নাগরিক নিহত হয়েছেন। দেশটিতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি এটি। ওই বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন আহতও হয়েছেন। তালেবান হামলার দায় স্বীকার করে বলেছে, তাদের একজন আত্মঘাতী হামলাকারী এ হামলা চালিয়েছে।
বাগরাম ঘাঁটির ভেতরেই বোমাটি বিস্ফোরিত হয় বলে খবর পাওয়া গেছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। আফগানিস্তানের সবচেয়ে সুরক্ষিত মার্কিন সামরিক ঘাঁটি এটি।
স্থানীয় সরকারের মুখপাত্র আবদুল ওয়াহিদ সেদিকি বলেছেন, হামলাকারী ব্যক্তি সকালবেলা একদল শ্রমিকের সঙ্গে হেঁটে ঘাঁটিতে প্রবেশ করে। তিনি বলেন, ‘আমরা হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানতে পারিনি। তবে হামলাকারী যে শ্রমিকের বেশে ঘাঁটিতে ঢুকেছিল তা জানা গেছে।’ মুখপাত্র আরও জানান, বাগরাম ঘাঁটির খাওয়াদাওয়া করার জায়গায় হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়।
এদিকে ন্যাটো কর্তৃপক্ষ এক বিবৃতিতে হামলায় হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারকারী দল বাগরামে পৌঁছেছে এবং আহত ব্যক্তিদের চিকিৎসা দিচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
যদি বাগরাম ঘাঁটির ভেতরে বোমা বিস্ফোরিত হয়ে থাকে, তবে এটিই হবে আফগানিস্তানে এ ধরনের প্রথম হামলা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আফগানিস্তান সফরে এলে তাঁকে বহনকারী বিমান সব সময় বাগরামে অবতরণ করে। রাজধানী কাবুলের উত্তরে অবস্থিত বাগরামে বিদ্রোহীরা আগেও হামলা চালিয়েছে। কিন্তু কখনোই অতি সুরক্ষিত এ ঘাঁটির ভেতরে ঢুকতে পারেনি।