আফগানিস্তানে রেডক্রসের ৬ কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের জওসজান প্রদেশের কুশ টেপা এলাকায় আজ বুধবার রেডক্রসের ছয়জন কর্মীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। ইসলামিক স্টেস্ট (আইএস) এ হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

রেডক্রস তাদের কর্মীদের নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। তবে এ হত্যাকাণ্ডের জন্য দায়ী কে, তা সংস্থাটি বলতে পারেনি।

আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়েছে, জওসজান প্রদেশের তুষারকবলিত কুশ টেপা এলাকায় গুলি করে রেডক্রসের ছয় কর্মীকে হত্যা করেছে বন্দুকধারীরা।
এ ঘটনার পর রেডক্রসের দুজন কর্মীকে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, আইএস তাদের ধরে নিয়ে গেছে।

২০১৫ সাল থেকে আফগানিস্তানে সক্রিয় আইএস। এরই মধ্যে মধ্যপ্রাচ্যভিত্তিক এই জঙ্গি সংগঠনটি কাবুলসহ দেশটিতে কয়েকটি হামলার দায় স্বীকার করেছে।
২০১৩ সালে জালালাবাদ এলাকায় রেডক্রসের অফিসে হামলা চালিয়েছে তালেবানরা।