আফগানিস্তানে শান্তি ফেরাতে পারে আঞ্চলিক যোগাযোগ: গুতেরেস
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে দীর্ঘ মেয়াদে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে মধ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলো লাভবান হতে পারে। আর যুদ্ধকবলিত দেশটিতে সংঘাতময় পরিস্থিতির আরও অবনতি হওয়ার ঝুঁকি কমিয়ে আনতে পারে এ অঞ্চলের দেশগুলোর নিজেদের মধ্যকার সংযোগ বাড়ানোর উদ্যোগ। আফগানিস্তানে শান্তি ফেরাতে তাই কার্যকর সমন্বিত উদ্যোগ নিতে হবে।
উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে গত শুক্রবার অনুষ্ঠিত হয় এ অঞ্চলের দেশগুলোর আন্তযোগাযোগবিষয়ক একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন। ‘কনফারেন্স অন সেন্ট্রাল অ্যান্ড সাউথ এশিয়া: রিজিওনাল কানেক্টিভিটি’ শীর্ষক এই সম্মেলনে দেওয়া ভিডিও বার্তায় জাতিসংঘের মহাসচিব এমন মন্তব্য করেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভিডিও বার্তায় আন্তোনিও গুতেরেজ বলেন, আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর পেছনে বাণিজ্য বিস্তার, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়ন প্রভাবক হিসেবে কাজ করে। তবে অর্থনীতি মূল বিষয় নয়। এর মধ্য দিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পায় ও প্রতিবেশীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদার হয়।
এ সময় জাতিসংঘের মহাসচিব আরও বলেন, মধ্য ও দক্ষিণ এশিয়ায় দীর্ঘমেয়াদি শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য দেশগুলোর মধ্যে আন্তযোগাযোগ বাড়ানোর বিকল্প নেই। এর মাধ্যমে এ অঞ্চলের দেশগুলো সম্ভাবনার সর্বোচ্চটা কাজে লাগাতে পারবে। আফগানিস্তানে শান্তি ফেরাতে এ ধরনের কার্যকর সমন্বিত উদ্যোগ নিতে হবে। নিজেদের মধ্যে সংযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।
এ ধরনের যেকোনো আঞ্চলিক উদ্যোগ বাস্তবায়নে জাতিসংঘ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলেও জানান গুতেরেস। দুই দশকের আফগান যুদ্ধের রাশ টেনে সম্প্রতি আফগানিস্তান ছাড়তে শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা। এ কারণে দেশটিতে আবারও তালেবানরা মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে আফগানিস্তানের অনেক এলাকা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। এই পরিস্থিতিতে জাতিসংঘের মহাসচিব পরিস্থিতি সামাল দিতে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির ওপর জোর দিলেন।