আফগানিস্তানের আইএসপ্রধান নিহতের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জঙ্গি দল আইএসের আফগানিস্তান শাখার প্রধান আবু সায়িদ হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে পেন্টাগন। গতকাল শুক্রবার পেন্টাগন বলেছে, আফগানিস্তানের কুনার প্রদেশে আইএসের সদর দপ্তরে হামলায় তিনি নিহত হন।

পেন্টাগনের মুখপাত্র ডানা হোয়াইট এক বিবৃতিতে জানান, গত মঙ্গলবারের ওই হামলায় আইএসের বেশ কয়েকজন জঙ্গিও নিহত হয়।

রয়টার্সের খবরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস সাংবাদিকদের বলেন, ‘একটি দলের নেতাকে হত্যার বিষয়টি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এটা আমাদের জন্য একধরনের বিজয়। সায়িদ আফগানিস্তানে নিযুক্ত তৃতীয় আইএস-নেতা।’

সাবেক নেতা আবদুল হাসিব নানগড়হার প্রদেশের পূর্বাঞ্চলে গত ২৭ এপ্রিল যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের যৌথ অভিযানে নিহত হন বলে দাবি করা হয়। হাসিবের পূর্বসূরি হাফিজ সাইদ খান ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ড্রোন হামলায় নিহত হয়েছেন বলে দাবি করা হয়।

আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সেনারা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানে নিযুক্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ কমান্ডার জেনারেল জন নিকোলসন এ বছরের মধ্যেই আইএস দমনের জন্য শপথ নিয়েছেন।