আফগানিস্তানের কুন্দুজে মসজিদে বোমা হামলায় নিহত ৩৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক দিন আগে আফগানিস্তানে আরও একটি প্রাণঘাতী হামলা হয়
ছবি: এএফপি

আফগানিস্তানের উত্তরের শহর কুন্দুজের কাছের একটি মসজিদে গতকাল শুক্রবার জুমার নামাজ চলাকালে বোমা বিস্ফোরণে শিশুসহ ৩৩ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আইএস কুন্দুজ ও মাজার-ই-শরিফ প্রদেশে পৃথক দুটি প্রাণঘাতী হামলার দায় স্বীকারের পর দিনই এ হামলা হলো।

আফগানিস্তানের তথ্যমন্ত্রী জাবিহুল্লাহ মুজাহিদ টুইটারে বলেন, কুন্দুজের ইমাম শাহিব জেলার একটি মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে শিশুসহ ৩৩ জন বেসামরিক মানুষ নিহত হন। বিস্ফোরণে আরও ৪৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।
তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ আরও বলেন, ‘আমরা এই অপরাধের নিন্দা এবং শোকাহতদের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাচ্ছি।’

এর এক দিন আগে গত বৃহস্পতিবার মাজার-ই-শরিফে শিয়া মুসলিমদের একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত ও আরও ৮৭ জন আহত হন। একই দিনে কুন্দুজে আরেক হামলায় ৪ জন নিহত ও ১৮ জন আহত হন। বৃহস্পতিবার দুই হামলাসহ সম্প্রতি বেশ কয়েকটি হামলার দায় স্বীকার করেছে আইএস।

হামলার দায় স্বীকার করে আইএস বলেছে, তাদের সাবেক নেতা ও ‍মুখপাত্র হত্যার প্রতিশোধ নিতে চলমান অভিযানের আওতায় এসব হামলা চালানো হচ্ছে।