আফগানিস্তানের গভর্নরসহ বড় বড় পদে তালেবান
প্রাদেশিক গভর্নর, পুলিশপ্রধানসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে তালেবানের ৪৪ সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটিতে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও নিরাপত্তা সংকটের মধ্যে স্থানীয় সময় গতকাল রোববার এ নিয়োগ দেওয়া হয়। গত সেপ্টেম্বরে মন্ত্রিসভা গঠনের ঘোষণার পর এবারই প্রথম এত বড় পরিসরে নিয়োগ দিল তালেবান সরকার।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল নানা পদে নিয়োগ দিয়ে তালেবান তাদের ৪৪ জন সদস্যের একটি তালিকা প্রকাশ করে। কাবুলের গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন কারি বারিয়ান। এ ছাড়া তালেবান নেতা ওয়ালি জান হামজা কাবুলের পুলিশপ্রধান হয়েছেন।
এত দিন কাবুলের নিরাপত্তাপ্রধান ছিলেন হামিদুল্লাহ মোখলিস নামের তালেবানের এক শীর্ষ নেতা। ২ নভেম্বর কাবুলে একটি সামরিক হাসপাতালে হামলা হয়। ওই হামলায় হামিদুল্লাহ মোখলিসসহ অন্তত ১৯ জন নিহত হন। তালেবানের দাবি, হামলাকারীদের প্রতিরোধ করতে গিয়ে হামিদুল্লাহ মোখলিসের মৃত্যু হয়।
গত ১৫ আগস্ট আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। দুই দশকের যুদ্ধ শেষে দেশে নিরাপত্তা নিশ্চিত ও শৃঙ্খলা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এরপর মসজিদসহ বিভিন্ন স্থানে একের পর এক হামলা চালিয়ে আসছে ইসলামিক স্টেটের আফগানিস্তান শাখা আইএস-কে। দেশটির অর্থনীতিও ভয়াবহ সংকটে পড়েছে।
নারী ও সংখ্যালঘু গোষ্ঠীর প্রতিনিধিদের নিয়ে একটি অংশগ্রহণমূলক সরকার গঠনে দেশের সব রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনায় বসার জন্য তালেবানকে আহ্বান জানিয়ে আসছে আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।