আফগানিস্তানের সঙ্গে চামান সীমান্ত বন্ধ করেছে পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একদল আফগান বিক্ষোভকারী পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন দেওয়ায় দেশটি আফগানিস্তান সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানের চামান সীমান্ত বন্ধ করে দিয়েছে। গত বৃহস্পতিবার আগুন দেওয়ার ঘটনার পর পরদিন থেকে সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়।

বিভিন্ন স্থানীয় সূত্র জানায়, আফগানিস্তানের ৯৭তম স্বাধীনতা দিবস উদ্‌যাপনের জন্য একদল লোক চামান সীমান্তের মৈত্রী তোরণে জড়ো হয়ে মিছিল করেন। তাঁদের হাতে ছিল পাকিস্তানবিরোধী স্লোগান লেখা প্ল্যাকার্ড। তাঁরা পাকিস্তানবিরোধী স্লোগান দেন এবং দুই দেশের বন্ধুত্বের নিদর্শন মৈত্রী তোরণের পাথর খুলে ফেলার চেষ্টা করেন। এ সময় আফগান সীমান্তরক্ষী বাহিনী তাঁদের নিবৃত্ত করতে কোনো পদক্ষেপ নেয়নি। একপর্যায়ে মিছিলকারীরা পাকিস্তানের পতাকা পোড়ান। এরপর তাঁরা সীমান্ত ফটক দিয়ে পাকিস্তানে ঢোকার চেষ্টা করেন। মিছিলের কারণে আগে থেকেই ফটকটি বন্ধ রাখা হয়েছিল।

পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পতাকা পুড়িয়ে ফেলার পর চামান সীমান্ত বন্ধ করে দেওয়া হয়। ওপর থেকে নির্দেশ না আসা পর্যন্ত এই সীমান্ত বন্ধ থাকবে।

চামান সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার পর থেকে সেখানে শত শত পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। এর মধ্যে আফগানিস্তানে মোতায়েন ন্যাটো বাহিনীর রসদবাহী ট্রাকও রয়েছে। প্রতিদিন ১০ থেকে ১৫ হাজার পাকিস্তানি ও আফগান এই সীমান্ত দিয়ে আসা-যাওয়া করেন। চামানের ফল ব্যবসায়ী কামালউদ্দিন বলেন, দুই ধারে ফলের শত শত ট্রাক আটকা পড়ে আছে। একজন ব্যবসায়ীও সীমান্ত পার হতে পারেননি।

পতাকা পোড়ানোর ঘটনায় এ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান।