তালেবানের দখলে আফগান শহর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহরে জঙ্গিদের চাপে রয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী। ছবি: এএফপি
আফগানিস্তানের হেলমান্দ প্রদেশের সাঙ্গিন শহরে জঙ্গিদের চাপে রয়েছেন দেশটির নিরাপত্তা বাহিনী। ছবি: এএফপি

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের শহর সাঙ্গিনের দখল প্রায় নিয়ে ফেলেছে তালেবান জঙ্গিরা। হেলমান্দের গভর্নর মির্জা খান রহিমি দাবি করেছেন, শহরটি সরকারের নিয়ন্ত্রণে আছে। তাঁর সহকারী বলছেন, সাঙ্গিন প্রায় জঙ্গিদের দখলে চলে গেছে।
বিবিসি ও এএফপির খবরে জানা যায়, তালেবান জঙ্গিরা বলছেন, তাঁরা সাঙ্গিনের বেশির ভাগ জায়গা দখলে নিয়ে ফেলেছে। সেখানকার প্রধান প্রশাসনিক ভবনটিও তাঁদের দখলে।
হেলমান্দের প্রাদেশিক রাজধানী লস্কর গাহতে গভর্নর রহিমি গতকাল সোমবার সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, সাঙ্গিনে জঙ্গিদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষ চলছে। এর পরই তাঁর সহকারী মোহাম্মদ জান রাসুলার বলেন, গত রোববার তালেবান জঙ্গিরা সাঙ্গিনের দখল নিয়েছে। তিনি এএফপিকে বলেন, তালেবান জঙ্গিরা সেখানকার পুলিশের সদর দপ্তর, গভর্নরের কার্যালয় ও গোয়েন্দা সংস্থার কার্যালয় দখলে নিয়েছে। আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে দেশটির নিরাপত্তা বাহিনীর বেশ কয়েক জন হতাহত হয়েছে বলেও তিনি জানান। তবে ঠিক কতজন হতাহত হয়েছেন, তা বলেননি।
হেলামান্দের প্রাদেশিক রাজধানী লস্কর গাহের সঙ্গে যোগাযোগের অন্যতম পথ সাঙ্গিন। সাঙ্গিন দিয়ে প্রদেশের উত্তরাঞ্চলের এলাকাগুলোতে সহজে যাওয়া যায়। এখানে প্রচুর আফিম উৎপন্ন হয়।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে বাগরামে গতকাল তালেবান জঙ্গিদের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হয়েছেন।