পাকিস্তান–তালেবান সম্পর্ক
‘আফপাক’ ধারণাই শক্ত ভিত্তি পাচ্ছে
জন্মলগ্ন থেকেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে ধর্মীয় গোষ্ঠী তালেবানের। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর নেতারা পাকিস্তানে বসেই আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর ওপর হামলার ছক কষেন। যার জন্য তালেবানকে সব হারাতে হয়েছিল, সেই আল–কায়েদা নেতা ওসামা বিন লাদেনকেও পাওয়া গিয়েছিল পাকিস্তানের অ্যাবোটাবাদে। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে তালেবানকে সহায়তার অভিযোগ করে এসেছে ওয়াশিংটন ও আফগান সরকার। মার্কিন সেনাদের বিদায়ে তালেবান যখন আফগানিস্তানে নতুন সরকার গঠনের চূড়ান্ত আলোচনায় রয়েছে, সেই সময় কাবুল সফর করলেন পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান। কেন তাঁর এই সফর এবং এর মধ্য দিয়ে বিশ্বের কাছে কী বার্তা যাচ্ছে, তা তুলে ধরার চেষ্টা করেছেন পাকিস্তানের সাবেক সিনেটর ও আঞ্চলিক রাজনীতিবিষয়ক বিশ্লেষক আফ্রাসিয়াব খটক।
তালেবান নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য গত শনিবার কাবুল সফরে যান পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার–সার্ভিস ইন্টেলিজেন্সের (আইএসআই) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল ফাইজ হামিদ। গত ১৫ আগস্ট রাজধানী কাবুল দখলের পর তালেবানই এখন আফগানিস্তানের নিয়ন্ত্রক। আর পাকিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এই তালেবান।
আইএসআই প্রধানের এ সফর ব্যাপকভাবে সংবাদমাধ্যমের মনোযোগ কেড়েছে এবং তা শুধু পাকিস্তানেই নয়, অন্যান্য দেশেও। এর যৌক্তিক কারণও রয়েছে। চার দশক ধরে আফগান যুদ্ধে আইএসআইয়ের রয়েছে ব্যাপক সম্পৃক্ততা। ১৯৯৪ সালে তালেবান গঠনের পর থেকেই তাদের পৃষ্ঠপোষকতার জন্য পরিচিতি রয়েছে পাকিস্তানের এই গোয়েন্দা সংস্থার। তালেবানের জন্মলগ্ন থেকেই পাকিস্তানের সঙ্গে তাদের এ সংশ্লিষ্টতা রয়েছে। পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থী পরিবারগুলো থেকেই এসেছিলেন তালেবানের অধিকাংশ সদস্য। বিভিন্ন মাদ্রাসায় আয়োজিত সভায় অংশগ্রহণ এবং পাকিস্তানে তালেবানের ঘাঁটিগুলোতে প্রশিক্ষণ নেওয়ার মধ্য দিয়ে যোদ্ধা হয়ে উঠেছিলেন তাঁরা।
সরকার গঠনে তালেবানকে সহায়তা
আইএসআই প্রধানের এ সফর নিয়ে অধিকাংশ বিশ্লেষকের ধারণা, নতুন সরকার গঠন নিয়ে তালেবানের মধ্যে বিদ্যমান বিভিন্ন গ্রুপে যে বিভক্তি রয়েছে, তা নিরসনে সহায়তার জন্যই কাবুলে গেছেন জেনারেল ফাইজ হামিদ। এটা সত্য হতে পারে। কারণ, তালেবান সদস্যরা একসুতায় গাঁথা নন; বিভিন্ন আঞ্চলিক, নৃতাত্ত্বিক ও সামাজিক বিভাজন রয়েছে তাঁদের মধ্যে। সরকার গঠন প্রশ্নে এখনো তাঁরা মীমাংসায় পৌঁছাতে না পারায় বিভাজনের বিষয়গুলো আরও দৃশ্যমান হয়ে উঠছে।
সাম্প্রতিক দিনগুলোতে তালেবান ও তাদের পাকিস্তানি মুরব্বিরা আফগানিস্তানে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন নিয়ে আলোচনা করছে। জনগণের মতামত ছাড়া অস্ত্রের মহড়ায় ক্ষমতায় আসা তালেবান যোদ্ধাদের সামরিক কায়দায় দেশ পরিচালনার আশঙ্কা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ প্রশমনে এ অন্তর্ভুক্তিমূলক সরকারের ধারণাটা বেশ উপকারী বলেই মনে করা হচ্ছে। তবে এখন পর্যন্ত তাদের দেওয়া ভাষ্যমতে, এ অন্তর্ভুক্তিমূলক সরকারের ধারণার মধ্যেই সমস্যা রয়েছে। অংশগ্রহণমূলক সরকারের নমুনা হিসেবে তালেবান আফগানিস্তানের উত্তরাঞ্চলের কিছু ছোটখাটো নেতাকে সরকারে নিতে চাইছে। তারা এমন নেতাদের নিতে চাইছে, যাঁরা আগের কোনো সরকারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেননি। এদিকে পাকিস্তান মধ্য আগস্ট থেকে তাজিক নৃগোষ্ঠীর একদল নেতাকে পৃষ্ঠপোষকতা করছে। তারা তালেবানের সঙ্গে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দেনদরবার করছে। খুব সম্ভবত এই দলের দাবির বিষয়ে তালেবান নেতারা যাতে নমনীয়তা দেখান, সে কারণেই কাবুলে গেছেন জেনারেল ফাইজ হামিদ।
‘আফপাক’
এমনটা হয়ে থাকলে আইএসআইয়ের মহাপরিচালকের কাবুল সফরের মধ্য দিয়ে তালেবানের আফগান দখলে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর অংশীদারত্বের প্রতিফলন ঘটে। উচ্চপর্যায়ের এ উদ্যোগ অন্যান্য আঞ্চলিক খেলোয়াড়দের পাল্টা ব্যবস্থা নেওয়ার জন্য প্ররোচিত করবে। এ ছাড়া চরমপন্থী জঙ্গিবাদ লালনপালনে পাকিস্তানের ভূমিকাকেও তা স্মরণ করিয়ে দেবে। এটা ২০০৮ সালের প্রথম দিকে যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারকেরা ‘আফপাক’ নামে যে ধারণার অবতারণা করেছিলেন, তাকেই শক্ত ভিত্তি দিচ্ছে। ‘আফপাক’–এর মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আফগানিস্তান ও পাকিস্তানকে একটাই মঞ্চ হিসেবে বর্ণনা করেছিলেন মার্কিন নীতিনির্ধারকেরা। আফপাকবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত ছিলেন রিচার্ড হলব্রুক। এ নিয়োগ পাওয়ার এক বছর আগে ২০০৮ সালের মার্চে তিনি আফপাককে ব্যাখ্যা করেছিলেন এভাবে, ‘সবার আগে আমরা আফগানিস্তান ও পাকিস্তানে বিদ্যমান সমস্যাকে আফপাক বলছি। এটা শুধু আটটি অক্ষর কমানোর জন্য নয়। এটি আমাদের ডিএনএতে এ বিষয় তুলে আনার জন্য যে সেখানে যুদ্ধের মঞ্চ একটাই, এটা ছড়িয়ে আছে ডুরান্ড লাইন নামে একটি দুর্বল ব্যবস্থাপনার সীমান্তের এপার–ওপারে এবং এ সীমান্তের পশ্চিম পাশে ন্যাটো ও অন্যান্য বাহিনী পদক্ষেপ নিতে পারছে। পূর্ব পাশে পাকিস্তানের সার্বভৌম এলাকা। কিন্তু এ দুর্বল ব্যবস্থাপনার সীমান্তের পূর্ব পাশে আন্তর্জাতিক সন্ত্রাসীদের চলাফেরা দেখা গেছে।’
‘আফপাক’–এর মধ্য দিয়ে পাকিস্তানের কূটনৈতিক প্রচেষ্টা এবং তাদের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করা হচ্ছে বলে প্রতিবাদ জানায় ইসলামাবাদ। তাদের আপত্তির মুখে ২০১০ সালে প্রত্যয়টি ব্যবহার করা বন্ধ করেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা।
তালেবান নিয়ে যুক্তরাষ্ট্রের নীতি বদল
২০১০ সালের পরে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা আফপাক ব্যবহার করা বন্ধ করেন। এর পেছনে শুধু পাকিস্তানের আপত্তিই একমাত্র কারণ না–ও হতে পারে। এই সময়ই বৈশ্বিক পর্যায়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভাব ঘটে চীনের। ২০০৮ সালে পশ্চিমা ধনতন্ত্র যে অর্থনৈতিক মন্দার মুখে পড়ে, তা যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ সম্পর্কে ধারণা বদলে দেয়। এর পরপরই চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) সামনে নিয়ে আসে। এসবের মধ্য দিয়ে চীনই অন্য সবকিছুর চেয়ে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে দেখা দেয়। এখান থেকেই যুক্তরাষ্ট্র তার আফগান নীতি পরিবর্তনে বাধ্য হয়।
পরিবর্তিত নীতি অনুযায়ী তালেবানের চিন্তাধারার অনেক বিষয় আফগান ব্যবস্থায় অন্তর্ভুক্ত হতে থাকে, যার লক্ষ্য ছিল চীনের জিনজিয়াং এবং মধ্য এশিয়ার মুসলিম জনগোষ্ঠীকে আকৃষ্ট করা। এই তালেবানীকরণ হয়তো চীন, রাশিয়া ও ইরানের জন্য কিছুটা সমস্যা তৈরি করতে পারে। কিন্তু পাকিস্তানের জন্য এটা কঠিন পরিস্থিতি তৈরি করে। চীন–পাকিস্তান ইকোনমিক করিডর (সিপিইসি) ধরে চীনের প্রতি পাকিস্তানের রয়েছে দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি। সিপিইসির আওতায় চীন এরই মধ্যে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, তালেবাননিয়ন্ত্রিত আফগানিস্তান সিপিইসিতে যোগ দেবে বলে বেইজিং অধীর আগ্রহে অপেক্ষা করছে। তালেবানের ওপর পাকিস্তানের প্রভাবকে পুঁজি করছে চীন। কিন্তু তখন পরিবর্তিত ওই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র কী প্রতিক্রিয়া দেখাবে? এটা কি আফপাকের ভৌগোলিক রাজনীতিকে পুনরুজ্জীবিত করবে না? তালেবান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে করা দোহা চুক্তির শর্তগুলো পুরোপুরি মেনে চলছে না। এখনো তারা আল–কায়েদা ও অন্যান্য আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যদের সঙ্গে সম্পর্কচ্ছেদ করেনি। আর প্রয়োজন পড়লে যুক্তরাষ্ট্রের এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া খুব কঠিন হবে না।
তালেবানের চ্যালেঞ্জ
একটি অংশগ্রহণমূলক সরকার গঠনের বিষয়ে তালেবানের অন্যান্য আদর্শিক ও রাজনৈতিক সীমাবদ্ধতা রয়েছে। তারা আধুনিক রাষ্ট্রব্যবস্থায় বিশ্বাসী নয়। ইসলামিক আমিরাত ও তালেবান যোদ্ধাদের মধ্যে ব্যবধানটা কী হওয়া দরকার, সে বিষয়েও তারা স্পষ্ট নয়। গত তিন সপ্তাহে তাদের আচরণ ও কার্যক্রমে এটাই স্পষ্ট যে তারা এখনো তাদের স্বৈরতান্ত্রিক আদর্শে অবিচল, যেখানে কোনোভাবেই বহুত্ববাদের স্থান নেই।
তালেবান এখনো নারীদের চলাফেরা ও কার্যক্রম নিয়ে মধ্যযুগীয় চিন্তায় আটকে রয়েছে। সে কারণে তালেবানের নির্যাতনের হুমকি উপেক্ষা করে কাবুল, হেরাত ও জালালাবাদের রাস্তায় বিক্ষোভে নেমেছেন নারীরা। এদিকে কাবুলের উত্তর–পূর্বের পানশির প্রদেশ আফগানিস্তানজুড়ে তালেবানের কর্তৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে আবারও প্রধান বাধা হিসেবে আবির্ভূত হয়েছে। নব্বইয়ের দশকে তালেবানবিরোধী লড়াইয়ের সবচেয়ে পরিচিত মুখ কমান্ডার আহমাদ শাহ মাসুদের নেতৃত্বে পানশির হয়ে উঠেছিল তালেবান প্রতিরোধের বড় দৃষ্টান্ত। এই ঐতিহ্যের ওপর ভর করে আহমাদ শাহ মাসুদের ছেলে বয়সে নবীন আহমাদ মাসুদ এবং আফগানিস্তানের বিদায়ী সরকারের ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহর নেতৃত্বে এখন পর্যন্ত পানশিরের যোদ্ধারা তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে সাহসের পরিচয় দিয়েছেন। তাঁদের সংখ্যায় নয়, তাঁরা জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে যেসব দাবি তুলেছেন, তাতে শক্তি নিহিত রয়েছে। বিপুলসংখ্যক যোদ্ধা ও অন্যান্য সরঞ্জাম নিয়েও তালেবান এখনো বাজারাক (পানশিরের প্রধান শহর) থেকে প্রতিরোধযোদ্ধাদের নেতৃত্বদাতাদের সরাতে পারেনি। তারা এখান থেকে সরে আরও উঁচুতে হিন্দুকুশ পর্বতমালার দুর্গম এলাকায় অবস্থান নিলেও এ প্রতিরোধযুদ্ধের শেষ হবে না।
ইংরেজি থেকে অনুবাদ: আজিজ হাসান