আবহাওয়ার উন্নতি, গভীর সাগরে অনুসন্ধান চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবহাওয়ার উন্নতি হওয়ায় গতকাল মঙ্গলবার সাগরের অপেক্ষাকৃত গভীরে এয়ারএশিয়ার বিধ্বস্ত উড়োজাহাজটির ব্ল্যাকবক্স ও ধ্বংসাবশেষের অনুসন্ধান চালানো সম্ভব হয়। জাভা সাগরে অনুসন্ধান এলাকা আরও বাড়ানো হয়েছে। খবর বিবিসির।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান হেনরি বামবাং সোয়েলিস্তি গতকাল মঙ্গলবার জানান, সাগরে ‘অগ্রাধিকারভিত্তিক অনুসন্ধান এলাকা’ আরও বাড়ানো হয়েছে। আবহাওয়াও আগের চেয়ে অনেক ভালো হয়েছে। সাগরের তলদেশে অনুসন্ধান চালানোর যন্ত্র আবার কাজ শুরু করেছে। আবহাওয়ার উন্নতি হওয়ার ফলে অপেক্ষাকৃত বেশি গভীরে অনুসন্ধান চালানো সম্ভব হচ্ছে।
তবে ইন্দোনেশিয়া বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল জনসন সুপ্রিয়াদি গতকাল বলেন, মঙ্গলবারের আবহাওয়া বেশ ভালো। কিন্তু দিনের শেষে পরিস্থিতি খারাপ হতে পারে।
এয়ারএশিয়া ইন্দোনেশিয়ার ফ্লাইট কিউজেড ৮৫০১ গত ২৮ ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুরাবায়া থেকে সিঙ্গাপুরে যাওয়ার পথে নিখোঁজ হয়। কয়েক দিন পর এর ধ্বংসাবশেষের প্রথম কিছু অংশ ও কয়েকটি লাশের খোঁজ মেলে। উড়োজাহাজটিতে ১৬২ জন আরোহী ছিলেন। তাঁদের মধ্যে এ পর্যন্ত ৩৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রতিকূল আবহাওয়ার কারণে জাভা সাগরে অনুসন্ধানের কাজ বারবার ব্যাহত হয়। এর মধ্যেও কিছুসংখ্যক বড় ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া গেছে। উদ্ধারকাজের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, সন্ধান পাওয়া ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজ উড়োজাহাজের পেছনের দিকের অংশও রয়েছে। যেখানে উড়োজাহাজটির ব্ল্যাকবক্স রয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও সময় প্রয়োজন।
উদ্ধার অভিযানে ৯০ নটিক্যাল মাইল এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ওই এলাকায় এর আগে বেশ কিছু বড় আকারের বস্তু শনাক্ত করা হয়েছে।