নেপালি কংগ্রেসের প্রেসিডেন্ট শের বাহাদুর দেউবা চতুর্থ দফায় দেশটির প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। ১২ বছর আগে তৎকালীন রাজা জ্ঞানেন্দ্র তাঁকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়েছিলেন। নির্বাচিত হওয়ার পর তাৎক্ষণিক এ প্রতিক্রিয়ায় দেউবা বলেন, তিনি স্থানীয় নির্বাচন সম্পন্ন করা এবং সংবিধানের সার্বিক প্রয়োগের বিষয়টি অগ্রাধিকার দেবেন। মাত্র কয়েক দিন পর একাত্তর বছরে পা দেবেন শের বাহাদুর দেউবা। জীবনের এই সময়ে এসে তিনি পার্লামেন্টে ব্যাপক সমর্থন নিয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ৫৯৩ ভোটের মধ্যে তিনি পান ৩৮৮টি ভোট। আর তাঁর প্রতিদ্বন্দ্বী পান ১৭০ ভোট। ৩৫ জন ভোট দেননি। এর আগে গত ২৪ মে নিজের অবসরের কথা ঘোষণা করেন বর্তমান প্রধানমন্ত্রী পুষ্প কমল দহল প্রচণ্ড। তাঁর দল কমিউনিস্ট পার্টি অব নেপাল-মাওইস্ট সেন্টার দ্বিতীয় বৃহত্তম শরিক হিসেবে দেউবার সরকারে যোগ দিচ্ছে। গতকাল বুধবার শের বাহাদুর দেউবা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। আইএএনএস