আবার জনসমক্ষে চীনা ধনকুবের গুয়াংচ্যাং
গত সপ্তাহে পুলিশের হাতে আটক চীনের ধনকুবের ব্যবসায়ী গুয়ো গুয়াংচ্যাং গতকাল সোমবার তাঁর কোম্পানির বার্ষিক সভায় যোগ দিয়েছেন। দেশটির অন্যতম বড় ব্যবসায়ী গোষ্ঠী ফোসান ইন্টারন্যাশনাল প্রথমে বলেছিল তাদের কর্ণধার ‘নিখোঁজ হয়েছেন’। পরে জানায়, তিনি পুলিশকে একটি তদন্তে সহায়তা করছেন। খবর বিবিসির।
ফোসানের কর্মকর্তারা গুয়াংচ্যাংয়ের সঙ্গে গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে যোগাযোগ হারিয়ে ফেলেছিলেন। বাণিজ্য-বিষয়ক সাময়িকী কাইজিনচীনের ‘ওয়ারেন বাফেট’ বলে পরিচিত গুয়াংচ্যাংয়ের নিজ প্রতিষ্ঠানের সভায় যোগ দেওয়ার ছবি ছাপে গতকাল। ঠিক কী বিষয়ে পুলিশি তদন্তের সূত্রে তিনি ‘নিরুদ্দেশ ছিলেন’ তা নিশ্চিত নয়।
ফোসানের চেয়ারম্যান ওয়াং কুয়ানবিন বলেন, তদন্তের মূল বিষয়টি গুয়াংচ্যাংয়ের ব্যক্তিগত বিষয় নিয়ে। তদন্তটি বেশ ‘সংবেদনশীল’ মন্তব্য করে এ নিয়ে আর কথা বলতে চাননি কুয়ানবিন। ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, পুলিশের কথিত অনুসন্ধানকাজটি কী ছিল তা স্পষ্ট নয়। তবে চীনের আর্থিক খাতে চলমান দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবেই ওই অনুসন্ধান হয় বলে মনে করা হচ্ছে। আবাসন, আর্থিক খাত, ওষুধ, ইস্পাত, বিনোদনসহ নানা ক্ষেত্রে ফোসানের ব্যবসা আছে।