আবার ধ্বংসযজ্ঞ শুরু করল ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে লুকোচুরি চলছে। কে কখন যুদ্ধবিরতি ঘোষণা বা প্রত্যাখ্যান করছে, সেটা বোঝাই যেন দুষ্কর হয়ে পড়েছে সেখানকার অধিবাসীদের জন্য।
সর্বশেষ গতকাল রোববার দুপুরে হামাসের পক্ষ থেকে ২৪ ঘণ্টার একটি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। বলা হয়, স্থানীয় সময় বেলা দুইটা থেকে তারা এই যুদ্ধবিরতি পালন করবে। কিন্তু এটা মেনে না নিয়ে অভিযান অব্যাহত রাখে ইসরায়েল।
হামাসের পক্ষ থেকে ঘোষিত যুদ্ধবিরতির ঘোষণা প্রত্যাখ্যান করে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু গতকাল বলেন, ‘নিজের দেশের মানুষকে রক্ষায় যা করা উচিত তা ইসরায়েল করবে।’ হামাস যুদ্ধবিরতি ঘোষণা করলেও রকেট হামলা বন্ধ করেনি বলে অভিযোগ করে ইসরায়েল।
এর আগে টানা ১৯ দিনের ইসরায়েলি তাণ্ডবের পর গত শনিবার সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত মোট ১২ ঘণ্টার ‘মানবিক যুদ্ধবিরতির’ ঘোষণা দেওয়া হয়। দুই পক্ষই তা মেনে নেয়। এ সুযোগে প্রায় তিন সপ্তাহ পর ঘর ছেড়ে বের হয়েছিল গাজার মানুষ। যদিও দম ফেলার ওই সময়টুকু মোটেও স্বস্তিদায়ক ছিল না। ঘরের বাইরে বের হয়ে দেখতে হয়েছিল চারপাশে ধ্বংসলীলার নজির। উদ্ধারকর্মীরা ওই সময়ে ধ্বংসস্তূপের নিচ থেকে বের করে আনেন শতাধিক লাশ।
১২ ঘণ্টার ওই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হওয়ার পর আরও চার ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণার কথা বলা হয়েছিল। এ ছাড়া, জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছিল যুদ্ধবিরতি আরও ২৪ ঘণ্টা বাড়ানোর কথা। ইসরায়েলও সে অনুযায়ী যুদ্ধবিরতির ইঙ্গিত দিয়েছিল। কিন্তু হামাস তাতে সম্মত হয়নি।
হামাসের মুখপাত্র ফাওজি বারহাম বলেন, ‘গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ট্যাংক সরিয়ে না নেওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতির প্রশ্নই আসে না।’
এ অবস্থায় তিন সপ্তাহ পর গোলা আর বোমার শব্দ ছাড়াই মোটামুটি একটি রাত কাটে গাজাবাসীর। কিন্তু গতকাল ভোরের আলো ফোটার পরপরই আবার শুরু হয় ইসরায়েলি অভিযান। গোলায় বেশ কয়েকটি ভবন গুঁড়িয়ে যায়। এ সময় হামাসের ছোড়া রকেটের আঘাতে এক সেনা নিহত হয়েছেন বলে জানায় ইসরায়েলি সেনাবাহিনী। তারা অভিযোগ করেছে, ১২ ঘণ্টা যুদ্ধবিরতির সময়ও সমানে রকেট ছুড়ে গেছে ফিলিস্তিনি সংগঠনটি।
গাজার চিকিৎসাকর্মীরা জানান, গতকাল দিনের প্রথম দিকে ইসরায়েলি হামলায় তিনজন নিহত হয়েছেন। জরুরি বিভাগের মুখপাত্র আশরাফ আল-কাদরা জানান, গাজার মধ্যভাগে গোলায় নিহত হয়েছেন দুজন। আর একজন মারা গেছেন দক্ষিণের খান ইউনিস এলাকায়।
এ অবস্থায় গতকাল দুপুরে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণা দেয় হামাস। তাদের মুখপাত্র সামি আবু জুহুরি এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘের আহ্বানের পরিপ্রেক্ষিতে ২৪ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হচ্ছে।’ তবে হামাসের এ ঘোষণা ইসরায়েল মেনে নিয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে একটি স্থায়ী যুদ্ধবিরতির জন্য চেষ্টা করে যাচ্ছেন জাতিসংঘসহ পশ্চিমা বিভিন্ন দেশের নেতারা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি শনিবার ফ্রান্সের প্যারিসে ইউরোপ ও আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। পরে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী লঁরা ফ্যাবিয়াস বলেন, ‘যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর জন্য আমরা উভয় পক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’
হামাসের রকেট হামলা বন্ধ করা ও তাদের ব্যবহৃত সুড়ঙ্গের নেটওয়ার্ক বিধ্বস্ত করার কথা বলে ৮ জুলাই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের এই অভিযানে ইতিমধ্যে গাজায় নিহতের সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এর বেশির ভাগই নারী ও শিশুসহ বেসামরিক মানুষ। অন্যদিকে হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ৪৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এর মধ্যে ৪৪ জনই সেনাসদস্য।